বান্দরবানের লামায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ‘লামা বাজার রক্ষা’ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। ৩৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্লক বাঁধের একাংশ মাত্র তিন মাসেই ধসে পড়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কার্যাদেশের শর্ত লঙ্ঘন, গাছ রোপণের বরাদ্দ এবং প্রকল্পের অর্থে জেলা শহরে দুই কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে বাংলো নির্মাণ নিয়ে প্রশ্ন উঠেছে। এসব অভিযোগের পর এবার সরজমিন তদন্তে নেমেছে পানি সম্পদ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের দল।
বৃহস্পতিবার তদন্ত দলটি মাতামুহুরী নদীর ব্রিজঘাট থেকে মারমা শ্মশানঘাট পর্যন্ত নির্মিত বাঁধের বিভিন্ন অংশ পরিদর্শন করে। দলে ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাফছা বেগম, পাউবোর দক্ষিণ-পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এম জুলফিকার তারেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরজমিন দেখা যায়, মারমা শ্মশানঘাট এলাকায় নতুন নির্মিত বাঁধের একটি অংশ ধসে নদীতে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, কার্যাদেশ অনুযায়ী চার ইঞ্চি পুরু ইটের খোয়া দিয়ে ফিল্টার করার কথা থাকলেও সেখানে মাত্র এক ইঞ্চি খোয়া ব্যবহার করা হয়েছে। তিন মিলিমিটার পুরু জিওটেক্সটাইল ও সুরক্ষা দেয়াল নির্মাণের শর্তও যথাযথভাবে মানা হয়নি। ব্লক তৈরিতে কাদামিশ্রিত বালু ও নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ রয়েছে। এ ছাড়া হাসিবুল এন্টারপ্রাইজের তৈরি সাড়ে ছয় হাজার ব্লক গুণগত মান পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় বাতিল করেছে পাউবো।
প্রকল্পের নথিতে বাঁধের পাশে ৬০০টি গাছ রোপণের জন্য চার লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ রাখা হলেও সরজমিন গাছ রোপণের দৃশ্যমান কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ নিয়েও স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসিবুল এন্টারপ্রাইজের মালিক আশরাফুল নবী বলেন, কার্যাদেশ অনুযায়ী কাজ করা হয়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ সঠিক নয়। পাউবো বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অপু দেব বলেন, পানি সম্পদ মন্ত্রণালয় ও পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। বাংলো নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, বান্দরবানে পাউবোর নিজস্ব বাংলো নেই এবং কার্যালয়টিও পুরনো হওয়ায় প্রকল্পের আওতায় বাংলো কাম অফিস নির্মাণ করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, শুধু পরিদর্শন নয়, প্রকল্পের প্রতিটি কাজ, নির্মাণসামগ্রীর মান, গাছ রোপণের বরাদ্দ, বাংলো নির্মাণের অনুমোদন এবং উত্তোলিত বিলের বিপরীতে বাস্তব কাজের হিসাব পূর্ণাঙ্গভাবে তদন্ত করতে হবে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
