নেত্রকোণায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ শিক্ষার্থী গুরুতর আহত

ফন্ট সাইজ:

নেত্রকোণায় কিশোর গ্যাংয়ের হামলায় দুই স্কুলশিক্ষার্থী আহত হয়েছে। সোমবার বিকালে পৌর শহরের সার্কিট হাউজ মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নেত্রকোণা কালেক্টরেট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান (১৩) ও দত্ত উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আহত রায়ান বিন আপন রিদীন (১২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে রায়হানের মাথায় গুরুতর আঘাত লাগায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের কাটলী ও মোক্তারপাড়া, নাগড়া এলাকায় সক্রিয় কিশোরদের কয়েকটি দলের মধ্যে দীর্ঘদিন ধরে সিনিয়র-জুনিয়র আধিপত্য নিয়ে বিরোধ চলছে। এরই জেরে বিকালে স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে একদল কিশোরের হামলার শিকার হয় দুই শিক্ষার্থী। আট থেকে ১০ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় বেল্ট ও ভারী বস্তু দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে রায়হানকে রাস্তায় ফেলে লাথি ও বেল্ট দিয়ে পেটানো হয়। এতে তার মাথায় গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ ঘটে। আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নেত্রকোণা সদর হাসপাতালে নেয়া হয়। রায়হানের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্যদিকে রিদীনকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে খোঁজ নিয়েছে। গুরুতর আহত শিক্ষার্থী রায়হান বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবার সঙ্গে কথা হয়েছে। প্রাথমিক শঙ্কা কেটে গেছে বলে জানা গেছে। ওসি আরও বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।