যশোরের অভয়নগরে নাশকতার মামলায় সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের জাকির হোসেন তরফদার ওরফে জাকির মেম্বার (৫২), বুইকারা গ্রামের সাফায়েত হোসেন রাজ (২৬) এবং একতারপুর গ্রামের নাজমুল হক সুমন (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জাকির মেম্বার চলিশিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক। সাফায়েত হোসেন রাজ ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ও নাজমুল হক সুমন ওয়ার্ড ছাত্রলীগের সদস্য। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
