লক্ষ্মীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামের বিরুদ্ধে টেন্ডার সিন্ডিকেট গঠন ও নিম্নমানের উন্নয়নকাজের মাধ্যমে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় ঠিকাদার ও সওজ সূত্রের দাবি, তিনি নিকটাত্মীয় ও পরিচিতজনদের লাইসেন্স ব্যবহার করে নিজেই ঠিকাদারি ব্যবসা চালাচ্ছেন। তথ্যানুসন্ধানে জানা গেছে, সাবেক সংরক্ষিত নারী এমপি ফরিদুন্নাহার লাইলীর ব্যক্তিগত সহকারী ও আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুন ওরফে ‘হয়রানি মামুন’-এর প্রতিষ্ঠান ‘মেসার্স ম্যাক’, ‘আর পি ট্রেডার্স’ এবং ‘সর্দার এন্টারপ্রাইজ’-এর মাধ্যমে কাজ বাগিয়ে নেন নজরুল ইসলাম।
জরুরি মেরামতের নামে দরপত্র ছাড়াই (ডিপিএম পদ্ধতি) ১ লাখ টাকা করে অনুমোদন দিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, ই-জিপি টেন্ডারের গোপন তথ্য তিনি পছন্দের ঠিকাদারদের জানিয়ে দেন এবং তারা কাজ না পেলে কৌশলে টেন্ডার বাতিল করেন। এ সিন্ডিকেটের ‘ক্যাশিয়ার’ হিসেবে কাজ করছেন উপ-সহকারী প্রকৌশলী হাসান মাহমুদ নাদিম ও অবসরে যাওয়া গাড়িচালক নুরুল আমিন। স্থানীয়রা তাদের সম্পদের বিষয়ে দুদকের তদন্ত দাবি করেছেন।এদিকে, লক্ষ্মীপুর ফোরলেন ও চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার থেকে জালাল মিয়ার ব্রিজ পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত গভীরতায় মাটি না কেটে, কংক্রিট ছাড়াই শুধু বালু ফেলে এবং পচা আবর্জনা দিয়ে ভরাট করে নামমাত্র রোলার চালানো হচ্ছে। এ ছাড়া বাজার এলাকায় প্রভাবশালীদের স্থাপনা বাঁচাতে রাস্তার প্রস্থ কমিয়ে দেয়া হয়েছে। অন্যদিকে, প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে রায়পুর-লক্ষ্মীপুর ও বাগবাড়ী-রামগঞ্জ মহাসড়কে পাথর ও পিচের বদলে ইটের কণা দিয়ে নামমাত্র সংস্কার করা হচ্ছে। চাঁদপুর বর্ডার বাজার থেকে দালাল বাজার পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক এখনো গর্তে ভরা।
অভিযোগ রয়েছে, রামগঞ্জ সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আরিফ মাহমুদের কমিশন বাণিজ্যের কারণে কাজের মান নষ্ট হচ্ছে এবং পানি না ছিটানোয় ধুলাবালিতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এ ছাড়া লক্ষ্মীপুর-রামগতি-আলেকজান্ডার- সোনাপুর সড়কের দু’টি প্যাকেজে (১০ ও ১১ কোটি টাকা) বাইরে থেকে মাটি কেনার শর্ত থাকলেও ঠিকাদাররা সড়কের পাশ থেকেই মাটি কাটছেন। পাশাপাশি ২ নম্বর প্যাকেজের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে নিয়ম ভেঙে ঢাকায় বসে যুবলীগ নেতা আব্দুল হাইয়ের ‘আসিফ ইনফ্রাস্ট্রাকচার’-এর সঙ্গে চুক্তির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আরিফ মাহমুদ অনিয়মের কথা অস্বীকার করেন। নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামও সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার অফিসের সকল কর্মকর্তা স্বচ্ছতার সঙ্গে কাজ করেন। লক্ষ্মীপুর সড়ক বিভাগে কোনো অনিয়ম নেই।’
