সৈয়দপুর প্রাণিসম্পদ কার্যালয়

ডাক্তার থাকেন না, চিকিৎসা দেন নৈশপ্রহরী

ফন্ট সাইজ:

নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ডাক্তার না থাকায় প্রায় সময় নৈশপ্রহরীই পশুর চিকিৎসা সেবা দিচ্ছেন। ফলে পশুর চিকিৎসা সেবা নিতে আসা মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো পদক্ষেপই নিচ্ছেন না। সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আবিদ হোসেন লাড্ডান বলেন, দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জনসহ অন্য কর্মকর্তারা নিয়মিত অফিস করেন না। ভেটেরিনারি সার্জন ব্যবসায়িক স্বার্থে বলে চুক্তিভিত্তিক নৈশপ্রহরী নিজেই পশুর চিকিৎসা সেবা দিচ্ছেন। শহরসহ উপজেলার খামারিরা বলেন, গরু অথবা খাসি ও ভেড়ার খামার গড়ে তুলতে আমাদের প্রচুর অর্থ ও শ্রমব্যয় হয়।

কিন্তু যখন রোগে আক্রান্ত পশুর ওষুধের দরকার হয় তখন প্রাণিসম্পদ অফিস থেকে টিকাছাড়া তেমন কোনো ভালো মানের ওষুধ বা চিকিৎসা সেবা পাওয়া যায় না। এতে সাধারণ মানুষ পশু নিয়ে প্রাণিসম্পদ অফিসে গেলে তাদের গবাদিপশু সহজে দেখতে চান না, বরং নানাভাবে হয়রানি করা হয়। চিকিৎসকরা কোনো খামার পরিদর্শন করলে প্রতিবার ভিজিট বাবদ ৬০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত নেয় বলে অভিযোগ করেন তারা। সরজমিন উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে অসুন্থ গরু-ছাগল ও পোষা প্রাণী নিয়ে অনেক মানুষ ভিড় করছেন। প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসক না থাকায় দায়িত্বে থাকা নৈশপ্রহরী শেখ মামুন নিজেই পশুর প্রাথমিক ও জরুরি চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি তিনি সেবা গ্রহীতাদের কাছ থেকে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন। সৈয়দপুর শহরের বাঁশবাড়ী এলাকার খামারি মোসলেমা বলেন, আমার কোনো পশু অসুস্থ হলে পশুহাসপাতালে নিয়ে যাই। কিন্তু সারাদিন অপেক্ষা করলেও ডাক্তারের দেখা মেলে না। বাধ্য হয়ে হাসপাতালের নৈশপ্রহরীর দ্বারা পশুর চিকিৎসা করাতে চাইলে সে আগেই টাকার কথা বলে। নৈশপ্রহরী শেখ মামুন বলেন, দীর্ঘদিন ধরে ডাক্তারের কাজ করতে গিয়ে পশুর সব চিকিৎসা শিখেছি। টাকা নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমিতো ডাক্তার নই। এগুলো আমার কাজও না।

আমার দ্বারা চিকিৎসা করাতে গেলে কিছুতো দিতেই হবে। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল করিম বলেন, আমার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ করা হচ্ছে। তিনি বলেন, রাতে আমি একটি ফার্মেসিতে নিয়মিত রোগী দেখি ঠিকই, কিন্তু কাউকে ব্যক্তিগত চেম্বারে কাউকে আসতে বাধ্য করি না। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু কায়েস বিন আজিজ বলেন, উপজেলায় কোনো সভা বা দাপ্তরিক কাজ থাকলে অফিসে না এসে সরাসরি সেখানে চলে যাই। একারণ অনুপস্থিতির মাঝে- মধ্যে চিকিৎসা সেবা দিতে সমস্যা হয়।