কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়ার পর এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘বনলতা সেন’। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় নির্মিত ছবিটি আগামী ১৬ থেকে ২৩শে ডিসেম্বর অনুষ্ঠেয় ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড)’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। একই মাসে দু’টি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হলো ‘বনলতা সেন’।
কবি জীবনানন্দ দাশের কবিতা ও কল্পনার জগৎ থেকে অনুপ্রাণিত এই ছবিটি প্রথমে কেরালা এবং এরপর কলকাতার দর্শকদের সামনে প্রদর্শিত হবে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রতিযোগিতার আনুষ্ঠানিক তালিকায় ছবিটির নাম স্থান পেয়েছে। উৎসবের পরিচালক ও পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র ‘নন্দন’-এর প্রধান নির্বাহী শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়ও নির্মাতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে ‘বনলতা সেন’ দলকে উৎসবে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
কলকাতায় ছবিটির প্রদর্শন নিয়ে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানান, তার কাছে এই নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, জীবনানন্দ দাশের সাহিত্য ও স্মৃতির সঙ্গে কলকাতার মানুষের গভীর সম্পর্ক রয়েছে। তিনি বলেন, জীবনানন্দ দাশের কবিতা থেকে অনুপ্রাণিত একটি চলচ্চিত্র কলকাতার দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাওয়াটা আমাদের জন্য বিশেষ আনন্দের। জীবনানন্দের সাহিত্য ও স্মৃতির সঙ্গে কলকাতার মানুষের যে গভীর সম্পর্ক, তাতে এখানে ছবিটি দেখানোর অনুভূতিও আলাদা। আমরা যেভাবে বনলতা সেনকে চলচ্চিত্রের পর্দায় তুলে ধরেছি, কলকাতার বাঙালি দর্শক সেটিকে কীভাবে গ্রহণ করেন, তা দেখার অপেক্ষায় আছি।
