পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। জার্মান গণমাধ্যমের এমন প্রতিবেদনের পর সতর্ক হয়েছে ন্যাটো। মহাকাশে যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো) প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করবে বলে অঙ্গীকার করেছেন জোটটির মহাসচিব মার্ক রুটে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে রাশিয়া এ ধরনের একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে বলে গোয়েন্দা তথ্য পেয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো। এ মাসেই সদস্য দেশগুলোর মধ্যে এসব তথ্য বিনিময় করা হয়েছে। তবে কোন দেশ প্রথম এই গোয়েন্দা প্রতিবেদন তৈরি করেছে, তা স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে জানতে চাইলে মার্ক রুটে বলেন, ন্যাটোর ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষায় আমরা সব সময় প্রস্তুত থাকবো। এর মধ্যে মহাকাশের ক্ষেত্রেও আমাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তিনি এ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন দেখেননি। তবে ‘অজ্ঞাত সূত্রের’ বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনকে গুরুত্ব দেয়ার মতো নয় বলে মন্তব্য করেন তিনি। বার্লিনে রাশিয়ার দূতাবাসও জার্মান গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। তাদের ভাষায়, এসব অভিযোগ ভিত্তিহীন এবং একটি প্রচার অভিযানের অংশ। বার্লিনে এক সংবাদ সম্মেলনে মার্ক রুটে বলেন, এ ধরনের হুমকি মোকাবিলায় ন্যাটোর হাতে বিভিন্ন ধরনের পাল্টা ব্যবস্থা রয়েছে। তিনি বলেন, সামরিক ক্ষেত্রের বিষয়ে আমরা সব সময় আমাদের প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা মূল্যায়ন করবো এবং প্রয়োজন অনুযায়ী তা হালনাগাদ করবো।
জার্মানির সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআর এবং সংবাদপত্র জুডডয়েচে সাইটুং অজ্ঞাতনামা জার্মান সামরিক ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়ার পরিকল্পিত স্যাটেলাইটটির নাম ‘স্পুটনিক-এস’। এতে পারমাণবিক ওয়ারহেড বা পারমাণবিক বিস্ফোরক অস্ত্র বহনের ব্যবস্থা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, স্যাটেলাইটটি মহাকাশে থাকা অন্য স্যাটেলাইটগুলোকে অকার্যকর বা ধ্বংস করতে ব্যবহার করা হতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ যোগাযোগ ও পর্যবেক্ষণ স্যাটেলাইট এর লক্ষ্যবস্তু হতে পারে। মার্ক রুটের পাশে দাঁড়িয়ে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস রাশিয়ার পরিকল্পনার বিষয়ে প্রতিবেদনগুলো সত্য বা মিথ্যা বলে নিশ্চিত করেননি। তবে তিনি বলেন, এসব প্রতিবেদন থেকে বোঝা যায়, রাশিয়া কতোটা উত্তেজনা বৃদ্ধির পথে এগোতে প্রস্তুত। মের্ৎস বলেন, রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে এমন খবর নতুন নয়। তবে তা এখনো কম, উদ্বেগজনক হয়ে ওঠেনি। এর আগে জার্মান সরকারের এক মুখপাত্রও প্রতিবেদনগুলোর সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেননি। তবে বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে কাল্পনিক বিপদ নিয়ে অতিরিক্ত উদ্বেগ তৈরি না করারও আহ্বান জানিয়েছেন। জার্মান সংবাদপত্র হ্যান্ডেলসব্লাটের প্রতিবেদনে ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) প্রধান ইয়োসেফ আশবাখারের বক্তব্য তুলে ধরা হয়েছে।
তিনি মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের সম্ভাবনাকে সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নের পরিস্থিতি বলে অভিহিত করেছেন। রাশিয়া ১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি বা মহাকাশ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ। এই চুক্তি অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে গণবিধ্বংসী অস্ত্র মোতায়েন নিষিদ্ধ। তবে যুক্তরাষ্ট্র ও চীনসহ কয়েকটি দেশ মহাকাশে অন্যান্য ধরনের অস্ত্র মোতায়েন করেছে অথবা এমন পরিকল্পনা নিয়ে কাজ করছে। ১৯৬৭ সালের চুক্তির আওতায় সরাসরি নিষিদ্ধ নয় এমন সামরিক সক্ষমতা তৈরির দিকেও দেশগুলো নজর দিচ্ছে। এর মধ্যে প্রতিপক্ষের স্যাটেলাইটকে লক্ষ্যবস্তু করার সক্ষমতাও রয়েছে।
