কঙ্গোয় ইবোলায় মৃত্যুর প্রকৃত সংখ্যা লুকিয়ে আছে কবরের সারিতে

কঙ্গোয় ইবোলায় মৃত্যুর প্রকৃত সংখ্যা লুকিয়ে আছে কবরের সারিতে

ফন্ট সাইজ:

পূর্ব কঙ্গোয় সরকারি হিসাবের চেয়ে অনেক দ্রুত বাড়ছে কবরস্থানের পরিধি। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে উঠে এসেছে, দেশটিতে ইবোলা মহামারিতে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি তথ্যের চেয়ে অনেক বেশি। গত ১৫ মে মহামারি ঘোষণার পর থেকে পুরো কঙ্গোয় ১১ হাজার ৫০০-এর বেশি মানুষ আক্রান্ত এবং ৫ হাজার ৫০০ এর অধিক মানুষ মারা গেছেন। এ খবর দিয়েছে রয়টার্স।

বুনিয়া শহরের তিনটি প্রধান কবরস্থানের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে রয়টার্স দেখেছে, নভেম্বরের শুরু পর্যন্ত সেখানে স্বাভাবিক সময়ের চেয়ে ১ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু হয়েছে, যা সরকারি ৭০৭ জনের হিসাবের চেয়ে ৫০ শতাংশের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) এর আগে ধারণা দিয়েছিল যে মহামারির প্রকৃত বিস্তার সরকারি তথ্যের চেয়ে দুই থেকে চার গুণ বেশি।

প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল স্বর্ণখনির শহর মংবওয়ালুতেও একই চিত্র দেখা গেছে। স্থানীয় চিকিৎসকরা জানান, শুরুতে রোগীদের ম্যালেরিয়া বা টাইফয়েডের মতো উপসর্গ দেখা দেয়ায় শনাক্তকরণে দেরি হয়। পরে নিশ্চিত হওয়া যায় এটি ‘বুন্দিবুগিও’ নামের বিরল প্রজাতির ইবোলা, যার কোনো চিকিৎসা বা টিকা নেই।
বিদেশি সহায়তা থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা, যানবাহনের সংকট এবং দুর্গম অঞ্চলের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। ভয়ে অনেকেই হাসপাতালে যাচ্ছেন না। আফ্রিকা সিডিসির তথ্য অনুযায়ী, ছয় মাস পরও মহামারি নিয়ন্ত্রণে আসেনি এবং এখনো ৬০ শতাংশের বেশি ইবোলা মৃত্যু ঘটছে হাসপাতালের বাইরে।