এনভিডিয়ায় ফিরলেন জেনসেন হুয়াং, অ্যালিস হুয়াং কোথায়?

এনভিডিয়ায় ফিরলেন জেনসেন হুয়াং, অ্যালিস হুয়াং কোথায়?

ফন্ট সাইজ:

নাটকীয়ভাবে আবারও চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদে ফিরেছেন জেনসেন হুয়াং। বোর্ড তার বিষয়ে আগের সিদ্ধান্ত বদলেছে এবং ওয়াল স্ট্রিটও তার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে। তবে যে নারীকে ঘিরে তৈরি হওয়া কেলেঙ্কারির জেরে তাকে পদ ছাড়তে হয়েছিল, সেই অ্যালিস হুয়াং এখন কোথায়—তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

অ্যালিস হুয়াং ছিলেন সাংবাদিক। পরবর্তীতে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রযুক্তি খাতের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে ওঠেন তিনি। মার্কিন আইন লঙ্ঘন করে চীনা কোম্পানিগুলোকে এনভিডিয়ার উন্নত এআই চিপ পেতে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত একটি ব্যবসার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, জেনসেন হুয়াংয়ের সাথে প্রেমের সম্পর্কে থাকাকালীনই চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের সাথে তার যোগাযোগের ওপর নজর রাখছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

গত ১২ নভেম্বর ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, অ্যালিস হুয়াং চীনে ফিরে গেছেন এবং চীনা নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারেই রাজধানী বেইজিংয়ে বসবাস করছেন। তবে তিনি ঠিক কবে, কেন বেইজিংয়ে ফিরেছেন বা সেখানে কী করছেন, তা এখনো স্পষ্ট নয়। তার সাথে যুক্ত কোম্পানিগুলোর নেটওয়ার্ক নিয়ে তদন্ত এখনো অব্যাহত রয়েছে।

হুয়াং লে নামেও পরিচিত অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘মেগাস্পিড ইন্টারন্যাশনাল’-এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, যা দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়া চিপের অন্যতম বড় ক্রেতা ছিল। ব্যবসার সূত্র ধরেই জেনসেন হুয়াংয়ের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। নিউ ইয়র্ক টাইমস জানায়, ২০২৫ সালের বসন্ত থেকে চলতি বছরের শরৎকাল পর্যন্ত চীনের গোয়েন্দা কর্মকর্তার সাথে যোগাযোগ রেখেছিলেন অ্যালিস। এই সময়েই মেগাস্পিড বিপুল পরিমাণ এনভিডিয়া চিপ সংগ্রহ করে, যার একটি অংশ আলিবাবাসহ চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর ডেটা সেন্টারে সরবরাহ করা হয় এবং বাকিগুলো চীনে পাচার করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে চীন এসব অভিযোগ অস্বীকার করেছে।

তদন্তে অ্যালিস হুয়াংয়ের ব্যবসায়িক অংশীদার কাং ওয়েইয়ের নামও উঠে এসেছে, যাকে প্রায়ই তার স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেয়া হতো। মার্কিন গোয়েন্দাদের কাছে প্রমাণ রয়েছে যে তিনিও একই চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন। এছাড়া অ্যালিস ও তার পরিবারের সদস্যদের চীনা প্রতিরক্ষা ঠিকাদারদের সাথে সংযোগ থাকার কথাও এর আগে জানায় নিউ ইয়র্ক টাইমস।

মেগাস্পিডের প্রকাশ্য মুখ হিসেবে অ্যালিস হুয়াং পরিচিত হলেও এর পেছনের আরেক মূল হোতা হিসেবে ৫২ বছর বয়সী চীনা নাগরিক লি মিংয়ের নাম শনাক্ত করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এনভিডিয়ার নিষিদ্ধ এআই প্রসেসর চীনে পাচারের নেটওয়ার্কের অন্যতম প্রধান এই অপারেটর বর্তমানে সিঙ্গাপুরে জামিনে মুক্ত আছেন এবং চীনা দূতাবাসের কাছে একটি বিলাসবহুল ভিলায় বসবাস করছেন।