খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়ালো

ফন্ট সাইজ:

গত তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের হার আরও বেড়েছে। ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন শ্রেণিকৃত ঋণে পরিণত হয়েছে। সেপ্টেম্বর শেষে ২০ হাজার ৮৫০ কোটি টাকা বেড়ে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৩৩.৮০ শতাংশ। গত জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সে সময়ে খেলাপির হার ছিল ৩২.৭৮ শতাংশ। একই সময়ে ব্যাংকগুলোর প্রভিশন সংরক্ষণে ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৮ কোটি টাকা।

খেলাপি ঋণের হালনাগাদ তথ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। তিনি বলেন, ফ্লেক্সিবল পলিসি করার কারণে ব্যবসায়ীরা এগিয়ে আসছেন। নীতিগুলো গ্রাহক ও ব্যাংকের জন্য সহজতর হবে, তাতে পরের প্রান্তিকে কমে আসবে।

বিশ্লেষকরা জানান, বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়ার পেছনে সামষ্টিক অর্থনৈতিক চাপ, কাঠামোগত দুর্বলতা এবং ঋণ আদায়ের জটিলতা- এই প্রধান কারণগুলো কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। জুন শেষে ঋণের স্থিতি ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৪ কোটি টাকা। তিন মাস পরে সেপ্টেম্বর প্রান্তিকে ঋণের স্থিতি বাড়ার পাশাপাশি খেলাপি বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

বেসরকারি খাতের ব্যাংকে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা, বিদেশি খাতের ব্যাংকে ৩ হাজার ৯১৫ কোটি টাকা ও বিশেষায়িত ব্যাংকে ১৮ হাজার ৩০৩ কোটি টাকা খেলাপি হয়েছে। আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ব্যাংক খাতে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির উচ্চমাত্রার প্রভাবেই খেলাপি ঋণ বৃদ্ধি পায় বলে সংশ্লিষ্ট ব্যাংকাররা জানান।

খেলাপি ঋণ বৃদ্ধির প্রধান কারণগুলোর মধ্যে উচ্চ সুদহার, ডলারের মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট এবং সামগ্রিক অনিশ্চিত পরিস্থিতির কারণে অনেক প্রতিষ্ঠান ও ভালো ঋণগ্রহীতাও সময়মতো ঋণ পরিশোধ করতে পারছেন না। এ ছাড়া দীর্ঘদিনের ব্যাংকিং অনিয়ম, জালিয়াতি, প্রভাবশালী ঋণগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায়ে ব্যর্থতা এবং পূর্বের দুর্নীতি ও দুর্বল সুশাসনের প্রভাব এখনো খাতটিতে রয়ে গেছে। পাশাপাশি ঋণ পুনঃতফসিলে প্রয়োজনীয় প্রাথমিক জমা (ডাউন পেমেন্ট) সংগ্রহ করা কঠিন হওয়ায় নীতিগত ছাড় থাকার পরও কাঙ্ক্ষিত সুফল আসছে না। খেলাপি ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পত্তি নিলামে তুললেও ক্রেতা না পাওয়ায় অর্থ আদায় আটকে যাচ্ছে। বড় ঋণগ্রহীতাদের ক্ষেত্রে এককালীন নিষ্পত্তির অগ্রগতিও কম এবং ঋণ আদায়ের আইনি প্রক্রিয়া সময়সাপেক্ষ।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, সরকার পরিবর্তন হলেও ঋণখেলাপিদের সুবিধা দেয়ার প্রবণতা বন্ধ হচ্ছে না। বরং সংস্কারের নামে খেলাপিদের ছাড় পাওয়ার পথ আরও সম্প্রসারণ করা হচ্ছে। তিনি বলেন, ঝড় আসার আগেই যেমন ঘরের ছাদ মেরামত করা উচিত, তেমনি ব্যাংক খাত চরম সংকটে পড়ার আগেই প্রকৃত সংস্কার জরুরি। খেলাপি ঋণ উদ্ধার না করে দীর্ঘমেয়াদে এভাবে ব্যাংকিং ব্যবস্থা চালানো সম্ভব হবে না।