প্রধানমন্ত্রীর সঙ্গে কোরীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ

ফন্ট সাইজ:

মাতারবাড়ীর এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে দেশটির এসকে গ্রুপের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এই বিনিয়োগের বিষয়ে আলোচনা করেছে বলে তথ্য দিয়েছেন উপ-প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি (এলপিজি) ও এলএনজি (এলএনজি) টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সাক্ষাতে এসকে গ্রুপের প্রতিনিধিদল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান। প্রতিনিধিদল জানায়, মাতারবাড়ী দক্ষিণ কোরিয়ার উলসানের মতো একটি এনার্জি হাব হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার উপস্থাপনা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়েছেন বলে জানান উপ-প্রেস সচিব। প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। তিনি প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেয়ার আহ্বান জানান। এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

উপ-প্রেস সচিব বলেন, প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করেছেন। পাশাপাশি বাংলাদেশের বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগাতে তারা আন্তরিক ও আগ্রহী বলে জানান।

সাক্ষাতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। সাক্ষাতে ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সং সহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য ছিলেন।