বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের জন্য সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের পদক প্রদান

ফন্ট সাইজ:

সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান কর্তৃক বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা এবং শান্তিকালীন অবদানের স্বীকৃতিস্বরূপ ২৪ জন সেনাসদস্যকে পদক প্রদান করা হয়েছে। সশস্ত্রবাহিনী দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সোমবার ঢাকা সেনানিবাসস্থ ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’- আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব পদক প্রদান করা হয়। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ২০২৬-২০২৭ অর্থবছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ৭ জন সেনাবাহিনী পদক (এসবিপি), ৪ জন অসামান্য সেবা পদক (ওএসপি) ও ১৩ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি) প্রাপ্ত সর্বমোট ২৪ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেন।

অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর সেনাসদর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য এবং তাদের উত্তরাধিকারীদের বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সংবর্ধনা প্রদান করেছেন। একই সঙ্গে স্বীকৃতি স্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে তেজগাঁওস্থ বিএএফ শাহীন হলে আয়োজিত এক অনুষ্ঠানে কিলো ফ্লাইটের সদস্যগণসহ মোট ৩৬ জনকে পদক প্রদান করেন তিনি। এ সময় বিমান বাহিনী প্রধান বলেন, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মাত্র তিনটি বিমান নিয়ে যে বিমান বাহিনীটির জন্ম হয়েছিল, তা আজ অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের রাডার, ক্ষেপণাস্ত্র এমনকি ওভারহলিং প্রযুক্তিতে সমৃদ্ধ। অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অনেকগুলো প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং বেশকিছু প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। খেতাবপ্রাপ্ত বিমানবাহিনীর মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সাহসী অবদান ও আত্মত্যাগ বিমান বাহিনীর বর্তমান সদস্যদের দেশপ্রেমে অনুপ্রাণিত করে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন ঘাঁটির বিমানসেনাগণ উপস্থিত ছিলেন।

অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব, সাহসিকতা, পেশাগত দক্ষতা, অসামান্য অবদান ও দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ নৌবাহিনীর ৪০ জন সদস্যকে শান্তিকালীন পদক প্রদান করা হয়েছে। সোমবার নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এসব সদস্যের হাতে পদক তুলে দেন। অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পদকপ্রাপ্ত সদস্যগণ এবং অন্যান্য আমন্ত্রিত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পদকপ্রাপ্তদের মধ্যে ৩ জন নৌবাহিনী পদক (এনবিপি), ৫ জন অসামান্য সেবা পদক (ওএসপি), ৫ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), ৭ জন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) অর্জন করেন। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান পদকপ্রাপ্ত সদস্যদের পেশাগত নিষ্ঠা, কর্মদক্ষতা, সাহসিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং যেকোনো সংকটময় পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।