আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকিতে ঢাকা রেঞ্জে সংযুক্ত হলো ১২ পুলিশ কর্মকর্তা

ফন্ট সাইজ:

ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম জোরদার করতে ১২ পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য সংযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার আটজন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার চারজন রয়েছেন। রোববার পুলিশ সদর দপ্তরের দু’টি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংযুক্ত হওয়া আট অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান, মো. মেহেদী হাসান, এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমান এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানা।

অন্য চার কর্মকর্তা হলেন- পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন শাকিল।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম জোরদার করতে তাদের আগামী দুই মাসের জন্য রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের গতকালের (সোমবার) মধ্যে কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেয়া হয়েছে।