‘এটি নির্মাতা হিসেবে আমার অন্যতম সেরা মুহূর্ত’

‘এটি নির্মাতা হিসেবে আমার অন্যতম সেরা মুহূর্ত’

ফন্ট সাইজ:

ভালোবাসা, কৃতজ্ঞতা আর স্মৃতিচারণায় ভরা এক অনন্য সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’র গ্র্যান্ড ট্রিবিউট নাইট। খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে সিরিজটির শেষ ছয়টি পর্ব, যার মধ্যদিয়ে পর্দা নামবে এই তুমুল জনপ্রিয় সিরিজের। সিরিজটির এই সমাপ্তি উপলক্ষে গত রোববার রাজধানীর গুলশান ক্লাবে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গ। একটি সফল সিরিজ কেবল পর্দার সামনের অভিনয়শিল্পীদের দিয়ে তৈরি হয় না, এর পেছনে থাকে ক্যামেরার আড়ালের অসংখ্য মানুষের নির্ঘুম রাত আর অক্লান্ত পরিশ্রম। সেই সব নেপথ্য কারিগর এবং অভিনয়শিল্পীদের অবদানকে আনুষ্ঠানিক স্বীকৃতি জানাতেই ছিল এ আয়োজন। অনুষ্ঠানের মূল পর্বে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’র সকল কাস্ট এবং ব্যাকস্টেজ ক্রুদের হাতে তুলে দেয়া হয় বিশেষ সম্মাননা ক্রেস্ট ও অ্যাওয়ার্ড। আনুষ্ঠানিক সম্মাননার পাশাপাশি সন্ধ্যাটি জমে উঠেছিল এক প্রাণবন্ত প্যানেল ডিসকাশনে।

পরিচালক কাজল আরেফিন অমি এবং সিরিজের মূল অভিনয়শিল্পীরা দর্শকদের সঙ্গে শেয়ার করেন শুটিং ফ্লোরের মজার ঘটনা, চ্যালেঞ্জ এবং দীর্ঘদিনের পথচলায় গড়ে ওঠা সম্পর্কের নানা অজানা গল্প। এই সন্ধ্যার অন্যতম বড় আকর্ষণ ছিল সিজন পাস হোল্ডারদের জন্য আয়োজিত একটি বিশেষ সেগমেন্ট। অনুষ্ঠানে উপস্থিত সিজন পাস হোল্ডারদের জন্য একটি এক্সক্লুসিভ র‌্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়।

এর মাধ্যমে তারা সিরিজের পছন্দের কাস্টদের সঙ্গে সরাসরি হাত মেলানো এবং কুশল বিনিময়ের সুযোগ পান। নিজের অনুভূতি জানাতে গিয়ে পরিচালক বলেন, আমাদের অভিনয়শিল্পীরা যেমন নিজেদের সবটুকু দিয়ে চরিত্রগুলোকে জীবন্ত করেছেন, তেমনি ক্যামেরা, লাইট, সাউন্ড থেকে শুরু করে মেকআপ, পর্দার আড়ালের মানুষগুলোর দিনরাতের পরিশ্রমেই আজকের এই ‘ব্যাচেলর পয়েন্ট’। দর্শকরা পর্দার সামনের মানুষগুলোকে চেনেন, কিন্তু পেছনের কারিগররা সব সময় আড়ালেই থেকে যান। বঙ্গ যেভাবে আমাদের কাস্ট এবং ক্রু- পুরো পরিবারকে একসঙ্গে সম্মান জানালো, তা একজন নির্মাতা হিসেবে আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত।