চলতি প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েক মাস অভিনয় থেকে দূরে ছিলেন। কিছুদিন আগে তিনি ‘অংশীদার’ শিরোনামের একটি নাটকে অভিনয়ের মধ্যদিয়ে আবারো বিরতি শেষে অভিনয়ে ফিরেছেন। নাটকটিতে গল্পের অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। নাটকে আরও অভিনয় করেছেন- ডলি জহুল, ফজলুর রহমান বাবু’সহ বেশ ক’জন। নাটকটি ২১শে নভেম্বর একটি ইউটিউব চ্যানেলে প্রকাশের পর গতকাল পর্যন্ত নাটকটি ১৫ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। স্বামী মারা যাওয়ার পর দুই কন্যাকে বাবার হেবা দলিল করে যাওয়া সম্পত্তি চাচার দখল করাকে কেন্দ্র করা নিয়েই মূলত এই নাটকের গল্প। নাটকটিতে ডলি জহুরের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।
নাটকটির শেষপ্রান্তে এসে এই তথ্যটাই তুলে ধরা হয়েছে, তা হলো- কেউ যদি জীবদ্দশায় তার সম্পত্তি হেবা দলিল করে দিয়ে যায় তাহলে সেই সম্পত্তি ব্রাদারি হক দিয়ে বা অন্য কোনোভাবে দাবি করা যায় না। তানিয়া বৃষ্টি বলেন, শুরুতেই কৃতজ্ঞতা মহান আল্লাহ্র কাছে; যিনি আমাকে কিছুটা সুস্থতা দান করেছেন বিধায় আমি কাজে ফিরতে পেরেছি। সেইসঙ্গে কৃতজ্ঞতা আমার জন্য যারা সব সময় দোয়া করেছেন। কৃতজ্ঞ এই নাটকের পরিচালকের প্রতি, আমাকে নিয়ে তিনি ভেবেছেন এবং জীবন ঘনিষ্ঠ একটি গল্পে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি আমার চরিত্রটি ঠিকঠাকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অল্প সময়ে এই নাটক থেকে অবিশ্বাস্য রকম সাড়া পাচ্ছি। দর্শকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
