স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘কফি উইথ করণ’-এ এসে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। অনুষ্ঠানে তাদের দেখে নেটাগরিকের একাংশের দাবি ছিল, রাশমিকা ভালোবাসেন বিজয়কে। আর বিজয় নিজেকেই ভালোবাসেন। নানা রকমের কটাক্ষ ধেয়ে এসেছিল বিজয় ও রাশমিকার দিকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, শেষ পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিতর্ক এবং কটাক্ষ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। রাশমিকাকে প্রশ্ন করা হয়, সমাজমাধ্যমে নেতিবাচক মন্তব্য কীভাবে সামলান তিনি?- উত্তরে অভিনেত্রী জানান, আগে এমন মন্তব্যের জবাব দিতেন। কিন্তু এখন আর সেই পথে হাঁটেন না। অভিনেত্রীর কথায়, আগে আমি উত্তর দিতাম। কিন্তু একটা সময়ের পর বুঝেছি, এর কোনো অর্থ নেই। অযথা সময় নষ্ট হয় মাত্র। হয়তো, কখনো কখনো জবাব দিতে ইচ্ছা করে। কিন্তু নিজেকে থামিয়ে রাখি।
এরপরই ‘কফি উইথ করণ’র বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয় তাকে। ওই অনুষ্ঠানে রাশমিকা জানিয়েছিলেন, টানা এক বছর ধরে প্রতিদিন বিজয়কে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। তার এই মন্তব্য ঘিরেই শুরু হয় আলোচনা। নিজের ব্যক্তিত্ব, অভিনয়, ছবি বা কাজ নিয়ে সমালোচনায় আপত্তি নেই রাশমিকার। অভিনেত্রীর মতে, তারকা হলে সমালোচনা মেনে নেয়ার মানসিকতা রাখতে হয়। কিন্তু পরিবারের কাউকে আক্রমণ করলে আর চুপ করে থাকবেন না তিনি। পরিবারের প্রশ্নে ছাড় নয়। অভিনেত্রী বলেন, আমার পরিবারকে নিয়ে কেউ কিছু বললে একেবারেই মেনে নিতে পারি না। তখন আমি পুরো লড়াকু মেজাজে চলে যাই। যোদ্ধা হয়ে উঠি।
