‘সেলফি’তে জুটিবদ্ধ তারা

‘সেলফি’তে জুটিবদ্ধ তারা

ফন্ট সাইজ:

প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী সারিকা সাবাহ। মুশফিকা মাসুদের পরিচালনায় নির্মিত হইচই অরিজিনাল ফিল্ম ‘সেলফি’তে দেখা যাবে তাদের। হইচই’র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে গতকাল মুক্তি পেয়েছে সিনেমাটির পোস্টার। ‘সেলফি’র ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে ছিলেন অমিতাভ রেজা চৌধুরী। আগামী ১০ই ডিসেম্বর হইচই’র পর্দায় দেখা যাবে ‘সেলফি’। সেলফি’তে নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে খায়রুল বাসার বলেন, এর গল্প আর চরিত্র আকর্ষণীয় মনে হয়েছে আমার। পরিচালক মুশফিকা মাসুদ ও সহশিল্পী সারিকা দু’জনের সঙ্গেই আমার প্রথম কাজ। সবমিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা ছিল।

কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সারিকা সাবাহ বলেন, প্রত্যেকটা কাজেই ভালো-মন্দ মিলিয়ে অভিজ্ঞতা থাকে। কিন্তু ‘সেলফি’র জার্নিটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার জন্য খুব সুন্দর ছিল। আমি গল্পটার সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত ছিলাম। ‘সেলফি’র ভাবনা প্রসঙ্গে পরিচালক মুশফিকা মাসুদ বলেন, নিউ ইয়র্কে ফিল্ম স্কুলে পড়ার সময় ছোট একটা হরর ফিল্ম হিসেবে ‘সেলফি’র গল্পটা লিখেছিলাম। পরে হইচই’র সঙ্গে বেশ কয়েকটি গল্প শেয়ার করি। সবার পছন্দ হয় ‘সেলফি’। একজন নির্মাতা হিসেবে এই আস্থা আমাকে দারুণ সাহস জুগিয়েছে। সেই সাহস থেকেই হরর, রোমান্স আর থ্রিলারের মিশেলে একটা নিখাদ সম্পর্ক আর মানবিক বন্ধনের গল্প বলার চেষ্টা করেছি।