লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

ফন্ট সাইজ:

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরেক শিশু। গতকাল সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মির্জারকোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনার পর বেশকিছু সময় ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পাটগ্রামে পদক্ষেপ নামের একটি এনজিওতে কর্মরত শরিফুল ইসলাম ঈদের ছুটিতে স্ত্রী ও দুই সন্তানসহ সকালে মোটরসাইকেলে গ্রামের বাড়ি দিনাজপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় মির্জারকোর্ট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান শরিফুলের স্ত্রী সুমাইয়া আক্তার। স্থানীয়রা অন্যদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শরিফুল ও তার চার মাস বয়সী মেয়ে হুজাইফাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ওই দম্পতির ১০ বছর বয়সী ছেলে সোহানকে পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন