পাটুরিয়ায় নেই ভোগান্তি স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ

পাটুরিয়ায় নেই ভোগান্তি স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ

ফন্ট সাইজ:

ঈদ সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার পাটুরিয়া এবং উত্তরবঙ্গগামী গুরুত্বপূর্ণ নৌপথ আরিচা ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে এবার স্বস্তিতেই পারাপার হচ্ছে ঘরমুখো মানুষ। আগের মতো দীর্ঘ ভোগান্তি নেই। বরং ব্যবস্থাপনায় এসেছে গতি ও শৃঙ্খলা। মঙ্গলবার সকালে পাটুরিয়া এলাকায় চাপ কিছুটা বাড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা স্বাভাবিক হয়। দুপুরের পর যানজট অনেকটাই কমে আসে। বর্তমানে ঘাটে পৌঁছানো গাড়িগুলো অপেক্ষা ছাড়াই দ্রুত ফেরিতে তোলা হচ্ছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। আরিচা ঘাটেও সকাল থেকেই মানুষের ভিড় ছিল। ফেরির পাশাপাশি লঞ্চ, স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌযান চলাচল করছে। স্পিডবোটে পারাপারের জন্য দীর্ঘ লাইন থাকলেও কম সময়ে গন্তব্যে পৌঁছানো যায় বলে অনেকেই এই মাধ্যম বেছে নিচ্ছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানায়, ঈদে চাপ সামলাতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১৭টি ফেরি এবং আরিচা-কাজিরহাটে ৫টি ফেরি চালু রয়েছে। এ ছাড়া ৩৩টি লঞ্চ ও ৬৭টি স্পিডবোট চলাচল করছে। জরুরি, শিশুখাদ্য ও পচনশীল পণ্য ছাড়া অন্যান্য ট্রাক বন্ধ থাকায় ঘাট এলাকায় যানজট তৈরি হয়নি। প্রয়োজনে ফেরি স্থানান্তরের ব্যবস্থাও রাখা হয়েছে। পদ্মা সেতু চালুর পর অনেক যানবাহন সেতুপথে গেলেও কুষ্টিয়া, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ীর যাত্রীরা এখনো এই নৌরুট ব্যবহার করছেন। সাভার থেকে ফরিদপুরের গার্মেন্টসকর্মী সাইফুল ইসলাম জানান, পরিবার নিয়ে এসে কোনো ঝামেলা ছাড়াই লঞ্চে উঠতে পেরেছেন। আগে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, এখন পরিস্থিতি অনেক উন্নত। পরিবহন চালক আরিফুর রহমান বলেন, ঈদের সময় দীর্ঘ অপেক্ষা এখন আর নেই, অল্প সময়েই যাত্রীরা ফেরিতে উঠতে পারছেন।
পাবনাগামী গার্মেন্টসকর্মী আরিফা বেগম জানান, স্পিডবোটে কিছুটা লাইনে দাঁড়াতে হলেও দ্রুত পৌঁছানো যায়। তাই এটিই তার কাছে সহজ পথ মনে হয়েছে। বিআইডব্লিউটিসি’র আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, নির্বিঘ্ন পারাপারের জন্য বাস ও ব্যক্তিগত গাড়ির আলাদা লেন রাখা হয়েছে। ঘাট ও ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশ সতর্ক রয়েছে। সকালে চাপ থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, অতিরিক্ত চাপ সামাল দিতে সব প্রস্তুতি নেয়া আছে। সংশ্লিষ্টদের মতে, সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পনার কারণে এবারের ঈদযাত্রায় পাটুরিয়া-আরিচা নৌপথে স্বস্তি ফিরেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন