শাহজালালে যাত্রীর শরীরে মিললো ২ কেজি স্বর্ণ

শাহজালালে যাত্রীর শরীরে মিললো ২ কেজি স্বর্ণ

ফন্ট সাইজ:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীর থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে- যার ওজন ২ কেজি ১০৬ গ্রাম। জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) এ অভিযান পরিচালনা করে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কাস্টমস হলের গ্রিন চ্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের এফ জেড ৫০ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তার সব লাগেজ স্ক্যান করা হয়।

এনবিআর জানায়, পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও অন্যান্য সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে তার কাছ থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা সোনার মোট ওজন ২ হাজার ১০৬ গ্রাম বা প্রায় ২ কেজি ১০৬ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।