রঙিন ঐতিহ্যবাহী পোশাক, বাঁশ ও সুপারি পাতার প্রাকৃতিক মঞ্চ আর লোকজ খেলাধুলা ও নাচ-গানের আমেজে মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া পুঞ্জিতে উদ্যাপিত হয়েছে খাসিয়া সমপ্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘সেং কুটস্নেম’। সোমবার কমলগঞ্জের মাগুরছড়া পুঞ্জি মাঠে উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর চৌধুরী। খাসিয়া সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং ‘মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস’ ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় আয়োজিত এ মিলনমেলা সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে। এই অনুষ্ঠান উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অতিথি ও পর্যটকদের সমাগম ঘটে। ?উৎসবের মধ্যদিয়ে খাসিয়া বর্ষপঞ্জি অনুযায়ী ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম নতুন বর্ষকে বরণ করা হয়। আয়োজকরা জানান, উৎসবকে কেন্দ্র করে মাগুরছড়া মাঠে বাঁশের খুঁটি ও সুপারি গাছের পাতার ছাউনি দিয়ে তৈরি করা হয় মূল আলোচনা সভার মঞ্চ।
মাঠ জুড়ে বসে ঐতিহ্যবাহী পণ্যের স্টল ও মেলা। সকালে খাসিয়া নারী-পুরুষ, যুবক-যুবতী ও শিশুরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে সেজে এই আয়োজনে অংশ নেন। ?বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাধুলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিনব্যাপী পর্বে ছিল খাসিয়া নারী শিল্পীদের ঐতিহ্যবাহী নৃত্য ও গান। এ ছাড়া অনুষ্ঠানে ছিল তৈলাক্ত বাঁশ বেয়ে উঠে মুঠোফোন জেতার প্রতিযোগিতা, তীর-ধনুক খেলা, গুলতি চালানো প্রতিযোগিতা, পান গুছানো প্রতিযোগিতা এবং নিজস্ব ভাষায় গান পরিবেশন। ?খাসিয়া সোশ্যাল কাউন্সিল সূত্রে জানা গেছে, ‘সেং কুটস্নেম’ শব্দের অর্থ খাসিয়া বর্ষবিদায়। ১৮৯৯ সাল থেকে খাসিয়া জনগোষ্ঠী এই দিনটি পালন করে এলেও বাংলাদেশে ২০১১ সাল থেকে এটি বড় পরিসরে উদ্যাপিত হচ্ছে। ব্রিটিশ শাসনামলে নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার তাগিদে সচেতন খাসিয়া তরুণদের ২৩শে নভেম্বর ‘সেং খাসি’ সংগঠন গঠনের ঐতিহাসিক স্মৃতি থেকেই দিনটি শ্রদ্ধা ও আনন্দে উদ্যাপিত হয়ে আসছে।
বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন সুচিয়াঙের সভাপতিত্বে আলোচনা সভায় আলহাজ মুজিবুর চৌধুরী ছাড়াও অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং খাসিয়া সমপ্রদায়ের নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে খাসিয়া সমপ্রদায়ের নিজস্ব ভাষার দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ?উৎসবের আহ্বায়ক কমিটির সদস্য ও খাসিয়া সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং বলেন, চায়ের রাজধানী খ্যাত পর্যটন জেলা মৌলভীবাজারে নানা ভাষা ও সংস্কৃতির মানুষ বৈচিত্র্যময় সাংস্কৃতিক আবহ বজায় রেখে বসবাস করে আসছে।
প্রতিবছর ২৩শে নভেম্বর বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের অনুষ্ঠান আয়োজন করি। আমরা আমাদের ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় সেজে নেচে-গেয়ে নিজেদের সংস্কৃতি তুলে ধরি। খাসিয়া সমপ্রদায়ের পাশাপাশি বাঙালি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ দেশি-বিদেশি পর্যটকরা এই উৎসবে অংশ নেন। ?মাগুরছড়া পুঞ্জির মান্ত্রী ও খাসিয়া সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং বলেন, বিভিন্ন খাসিয়া পুঞ্জি থেকেই এখানে এসে সবাই উৎসবে যোগ দিয়েছেন। খাসিয়া সমপ্রদায়ের পাশাপাশি এই অনুষ্ঠানে বাঙালি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ দেশি-বিদেশি পর্যটক রয়েছেন।
