গৌরীপুরে ঝড়ে লণ্ডভণ্ড শিক্ষাপ্রতিষ্ঠান

গৌরীপুরে ঝড়ে লণ্ডভণ্ড শিক্ষাপ্রতিষ্ঠান

ফন্ট সাইজ:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর এলাকায় অবস্থিত শিবপুর লিয়াকত উলূম আলীম মাদ্রাসা ভয়াবহ ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার রাতে হঠাৎ বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় মাদ্রাসাটির হাফ-বিল্ডিং ভবনের তিনটি শ্রেণিকক্ষের টিনের ছাউনি ও ছাদ উড়ে যায়। এতে করে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় খায়রুল ইসলাম জানান, ঝড়ের সময় প্রবল বাতাসে মাদ্রাসা ভবনের উপরের অংশের টিন ও ছাউনি ছিটকে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে তিনটি শ্রেণিকক্ষ সম্পূর্ণভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ঘটনাটি রাতে ঘটায় কোনো শিক্ষার্থী বা শিক্ষক হতাহত হননি। তবে ভবনের ক্ষতির কারণে শিক্ষার্থীদের পাঠদান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত সংস্কার না করা হলে শতাধিক শিক্ষার্থীর নিয়মিত পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবক দলনেতা মঞ্জুরুল হক মঞ্জু বলেন, এই মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা অনেক। আগে থেকেই পর্যাপ্ত ভবনের সংকট ছিল। এখন ঝড়ে তিনটি শ্রেণিকক্ষের ছাদ উড়ে যাওয়ায় পাঠদান চালানো কঠিন হয়ে পড়বে। আমরা দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের দৃষ্টি আকর্ষণ করে ঈদের আগেই জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত ভবন সংস্কার এবং ভবিষ্যতে নতুন ভবন নির্মাণের ব্যবস্থা নেয়ার দাবি জানান।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দিন বলেন, আমাদের মাদ্রাসার নিজস্ব কোনো তহবিল নেই। হঠাৎ এই দুর্যোগে ভবনের বড় ধরনের ক্ষতি হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হবে। আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা বলেন, বিষয়টি শুনেছি। ক্ষয়ক্ষতির ছবি ও লিখিত আবেদন দিতে বলা হয়েছে। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন