পুরুষেরাও কাস্টিং কাউচের শিকার হয়ে থাকেন, বললেন অভিনেত্রী রমা

পুরুষেরাও কাস্টিং কাউচের শিকার হয়ে থাকেন, বললেন অভিনেত্রী রমা

ফন্ট সাইজ:

চলচ্চিত্র জগতে কাস্টিং কাউচ-এর অস্তিত্ব নিয়ে বহু অভিনেতা-অভিনেত্রীই মুখ খুলেছেন। এ বার সেই বিতর্কে নতুন করে সরব হলেন দক্ষিণী অভিনেত্রী রমা কৃষ্ণন। তার মতে, বিনোদনজগতে ক্ষমতার অপব্যবহারের ঘটনা অস্বীকার করার কোনও উপায় নেই। তার মধ্যে অন্যতম হল কাস্টিং কাউচ। শুধু মহিলারা নন, পুরুষেরাও এমন পরিস্থিতির শিকার হয়ে থাকেন। এমনকি, এই সমস্যা কোনও একটি দেশ বা নির্দিষ্ট পেশার মধ্যেও সীমাবদ্ধ নয় বলে মনে করেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রমাকে চলচ্চিত্রজগতে কাস্টিং কাউচ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে অভিনেত্রী স্পষ্ট জানান, অতীতেও এমন ঘটনা ঘটেছে, এখনও ঘটে চলেছে। নিজের বক্তব্যের সমর্থনে এপস্টিন ফাইলের কথাও বলেন রমা। অভিনেত্রীর কথায়, এপস্টিনের ঘটনাগুলির দিকে তাকান। আমেরিকার মতো দেশেও এমন ঘটনা ঘটেছে, যেখানে মহিলারা অনেক বেশি স্বাধীন। তা সত্ত্বেও তাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তাই এখানে এমন কিছু ঘটে না, এ কথা বলা যায় না। অতীতেও ঘটেছে, এখনও ঘটছে, ভবিষ্যতেও ঘটবে।

অভিনেত্রীর মতে, সময়ের সঙ্গে মানুষের শোষণের ধরন বদলাতে পারে। তবে ক্ষমতাশীল ব্যক্তির শোষণের মতো ঘটনা সমাজ থেকে সহজে মুছে যায় না। তার কথায়, কী ভাবে ঘটনাগুলি ঘটছে, কারও সম্মতি নেওয়া হচ্ছে কি না, সময়ের সঙ্গে সেই বিষয়গুলিই কেবল বদলায়।

রমা আরও মনে করেন, কাস্টিং কাউচের সমস্যা শুধু চলচ্চিত্রজগতের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষ নানা ভাবে শোষণের শিকার হন। তার কথায়, জোর করে হোক, নিজের ইচ্ছায় হোক কিংবা পরিস্থিতির চাপে, এই ঘটনা ঘটে চলেছে। কেউই তা অস্বীকার করতে পারবেন না। আমাদের পেশা যেহেতু ঝলমলে, তাই এই বিষয়গুলি নিয়ে বেশি আলোচনা হয়। কিন্তু চলচ্চিত্রজগতের বাইরেও কত মহিলা এমন পরিস্থিতির মুখোমুখি হন! সব জায়গাতেই এই সমস্যা রয়েছে। এখানে অবশ্য নারী-পুরুষের কোনও ভেদাভেদ নেই।