জনগণের রায়কে অপমান করে রাজনীতি বাংলাদেশে চলবে না

জনগণের রায়কে অপমান করে রাজনীতি বাংলাদেশে চলবে না

ফন্ট সাইজ:

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদের শেষ বক্তব্যে বলেছি- “মাননীয় প্রধানমন্ত্রী ভুল করছেন। ফিরে আসেন, জনগণের রায়কে সম্মান করুন। জনগণের রায়কে অপমান করে বাংলাদেশে রাজনীতি চলবে না।” গতকাল অস্ট্রেলিয়ায় ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, আপনাদের ওই দেবো, এই দেবো, আপনারা আসেন আমাদের সঙ্গে বসেন, কমিটিতে ঢোকেন। আমরা বলছি-“যা দিতে বলছি, সেটা দিতে পারবেন। আসমানের চাঁদটা হাতে এনে দিতে পারবেন? সেইটাও দিয়ে দেখেন, আমরা আমাদের আদর্শ থেকে, কমিটমেন্ট থেকে, সরে যাই কি না! আমরা সরবো না ইনশাআল্লাহ। আমরা কনফিডেন্ট ইনশাআল্লাহ, এ দাবি আদায় হবে। এই দাবি আমরা পরিত্যক্ত ঘোষণা করবো না, এটা নিয়েই সামনে এগিয়ে যাবো।

শফিকুর রহমান বলেন, এখন বাংলাদেশে যে সমস্ত সন্ত্রাস নৈরাজ্য চলতেছে, সেটারও শেষ হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যখন সবদিক থেকে সমৃদ্ধ ছিলেন, সব বাহিনী পাশে ছিল, সকল অস্ত্র হাতে ছিল, অপকর্মের কারণে সাহস করে বাংলাদেশে থাকতে পারেন নাই। এখন আপনারা আসার চিন্তা করতেছেন। সবকিছু সঙ্গে থাকা অবস্থায় আসতে পারেন নাই, থাকতে পারেন নাই, এখন আসবেন কীভাবে? আপনারা আসবেন তো গেলেন কেন? গেলেন তো কার বাড়ি গেলেন, মানুষ যায় হয় তার শ্বশুরবাড়ি, না হয় ছেলের কাছে, না হয় মেয়ের কাছে, আপনারা কার কাছে গেছেন, কোন ঠিকানায় গেলেন, যেই ঠিকানা প্রতিদিন আমাদেরকে কষ্ট দেয়!। তিনি আরও বলেন, ‘আবরার ফাহাদ, সে তার পানির অধিকারের পক্ষে একটু কথা বলেছিল, তাকে লাশ করেছে, যাদের ইশারা ইঙ্গিতে যাদেরকে খুশি করতে লাশ করেছেন, আপনারা আশ্রয় ওখানে নিয়েছেন। জামায়াত আমীর বলেন, এখন রিফর্ম আওয়ামী লীগ, তারপরে কি না পালিয়ে যাওয়া আওয়ামী লীগ। আরও কতো কিছু শুনতেছি। কতো ভালো আওয়ামী লীগ যখন সারা জাতির সন্তানদেরকে নির্বিচারে খুন করলো, গুম করলো, তখন এত ভালো আওয়ামী লীগাররা কোথায় ছিল?

প্রবাসীদের অবদান তুলে ধরে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অথচ দেশে গেলে বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এমনকী শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যাদের আমরা রেমিট্যান্স যোদ্ধা বলি, তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে আমরা অতীতেও সোচ্চার ছিলাম। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলে আমরা এর প্রতিবাদ জানাবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এসএম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।