হাতবোমা তৈরির নেটওয়ার্কের খোঁজে গোয়েন্দারা

ফন্ট সাইজ:

‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। লক্ষ্যবস্তু করা হচ্ছে সরকারি স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সড়ক ও গণপরিবহনকে। রাতের আঁধারে মোটরসাইকেলে এসে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এতে জনমনে বাড়ছে আতঙ্ক। এসব ঘটনার নেপথ্যে শুধু হাতবোমা নিক্ষেপকারী নয়, রয়েছে বিস্ফোরক তৈরির কারিগর, সরবরাহকারী ও অর্থায়নকারীদের একটি সংগঠিত নেটওয়ার্ক। গোয়েন্দা সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীতে দু’টি ককটেল তৈরির কারখানার সন্ধান মিলেছে। মিরপুর ও পুরান ঢাকার ওই কারখানায় অভিযান চালিয়ে ককটেল তৈরির সরঞ্জামসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। তবে বিস্ফোরিত ককটেলের বড় একটি অংশ তৈরি হচ্ছে রাজধানীর অদূরে সাভার ও কেরানীগঞ্জে। এ দু’টি উপজেলা হাতবোমা তৈরির হাব হিসেবে গড়ে উঠেছে। এ ছাড়াও আশপাশের কয়েকটি উপজেলায়ও তৈরি হচ্ছে ককটেল। আর এসব তৈরির কাঁচামালের একটি অংশ আসছে শরীয়তপুরের জাজিরা উপজেলা ও এর আশপাশের কয়েকটি জেলা থেকে। এই পুরো নেটওয়ার্ককে খুঁজে বের করতে কাজ করছেন গোয়েন্দারা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিসংখ্যানেও পরিস্থিতির ভয়াবহতা উঠে এসেছে। সেপ্টেম্বর থেকে ১৬ই নভেম্বর পর্যন্ত রাজধানীতে ১২১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১০৭টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৯৬ জনকে। উদ্ধার করা হয়েছে ৭৫টি অবিস্ফোরিত ককটেল। এর মধ্যে শুধু নভেম্বরের প্রথম ১৬ দিনেই ৮৫টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই সময়ে ৭৯টি মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন ১৩০ জন এবং উদ্ধার করা হয়েছে ৫২টি অবিস্ফোরিত ককটেল। পুলিশের তদন্তে উঠে এসেছে, রাজধানীতে বিস্ফোরিত এসব ককটেলের বড় একটি অংশ বাইরে তৈরি হয়ে ঢাকায় আসছে। বিশেষ করে সাভার, কেরানীগঞ্জসহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে ককটেল তৈরির কাজ চলছে। গোয়েন্দাদের বিশেষ নজরদারিতে রয়েছে জাজিরা উপজেলা। ঠুনকো ঘটনায় ককটেল বিস্ফোরণের জন্য এই উপজেলার বিশেষ পরিচিতি রয়েছে। ককটেল বানানো থেকে শুরু করে বেশির ভাগ কাঁচামাল আসে এ উপজেলা থেকে। এমনকি ককটেল বানানোর জন্য জাজিরা থেকে মানুষ ভাড়া করে আনা হচ্ছে।

তথ্যমতে, ককটেল এখন আর শুধু আতঙ্ক সৃষ্টির উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে না। বিভিন্ন স্থানে বিস্ফোরিত ও উদ্ধার করা ককটেলে স্প্লিন্টার থাকায় বিষয়টি উদ্বেগ তৈরি করেছে। ছোট ধাতব টুকরা, তারকাঁটা ও কাঁচের মতো উপাদান ব্যবহারের কারণে বিস্ফোরণে আশপাশের মানুষের গুরুতর আহত হওয়ার ঝুঁকি বাড়ছে। গোয়েন্দা সূত্র বলছে, ককটেল বিস্ফোরণের পেছনে শুধু নিক্ষেপকারীরাই নয়, রয়েছে উৎপাদন, সরবরাহ ও অর্থায়নের আলাদা নেটওয়ার্ক। ডিএমপি’র তালিকায় ককটেল তৈরির সঙ্গে জড়িত অর্ধশতাধিক কারিগরের নাম রয়েছে। ঢাকার আশপাশে কেরানীগঞ্জ, সাভার, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে ককটেল তৈরির কারখানায় এসব তৈরি হচ্ছে। তাদের ধারণা, রাজধানীর বাইরের কারিগরদের সংখ্যা শতাধিক হতে পারে।

এদিকে, ককটেল বিস্ফোরণের ঘটনায় একাধিক রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হয়েছেন। ককটেল নিক্ষেপের পর পালিয়ে যাওয়ার সিসিটিভি দেখে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কর্মী নয়, অর্থের বিনিময়ে ভাড়াটে নিক্ষেপকারীদের ব্যবহার করা হচ্ছে। কিছু ক্ষেত্রে ছিন্নমূল শিশু-কিশোর এবং ভাড়ায়চালিত মোটরসাইকেল রাইডারদেরও ব্যবহার করা হচ্ছে। হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন, এমন বেশ কয়েকজন আছেন যারা টাকার বিনিময়ে ককটেল নিক্ষেপ করতে গিয়েছিলেন। প্রতি ককটেল নিক্ষেপের জন্য ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দেয়ার অভিযোগ রয়েছে। এমনকি, ককটেল মারতে গিয়ে নিজের পায়ে বিস্ফোরণ হওয়ারও ঘটনা ঘটেছে রাজধানীতে। গত ৮ই নভেম্বর রাত ৩টায় রূপনগর থানার সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সেই যুবক জানান, তিনি পাঠাও চালান, মায়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। তাকে ভয়ভীতি দেখিয়ে ককটেল মারতে বাধ্য করা হয় বলে জানান তিনি। ফলে অর্থের প্রলোভনে অনেকে ঝুঁকিপূর্ণ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। প্রশাসন বলছে, এই প্রবণতা উদ্বেগজনক। এতে প্রকৃত পরিকল্পনাকারী ও অর্থদাতারা আড়ালে থেকে যাচ্ছেন, আর অর্থের বিনিময়ে কাজ করা ব্যক্তিরা সরাসরি ঝুঁকির মুখে পড়ছেন।

পুলিশ জানায়, সম্প্রতি গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে কয়েক কেজি গান পাউডার উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সম্পৃক্ততা থাকার অভিযোগে গত ১লা নভেম্বর থেকে এ পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অন্তত ৮৬১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ প্রসঙ্গে ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম মানবজমিনকে বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে ডিবি। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। তাদের থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করছি। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করছি। তিনি বলেন, ককটেল কোথায় তৈরি হয় তা আমরা খতিয়ে দেখছি। ইতিমধ্যে কয়েক জায়গায় অভিযান পরিচালনা করেছি। ককটেল তৈরির সরঞ্জামসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। কারখানার সন্ধানে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে মূলহোতাদের গ্রেপ্তার করা হবে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) কামারুম মুনিরা মানবজমিনকে বলেন, মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। যারা অরাজকতা তৈরি করে মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করছে তাদের গ্রেপ্তারে পুলিশ সজাগ রয়েছে। মূলহোতাদের শনাক্ত করতে আমাদের বিভিন্ন দপ্তর কাজ করছে।