তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের কপ-৩১ জলবায়ু সম্মেলনের মূল চুক্তি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), বৃটেন ও উন্নয়নশীল বিশ্বের বেশ কয়েকটি দেশ। দুই সপ্তাহের তীব্র দরকষাকষির পর প্রস্তাবিত খসড়ায় জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ না থাকায় নাটকীয়ভাবে ভেস্তে গেছে এবারের সম্মেলনের প্রধান সমঝোতা চুক্তি। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।
শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও আলোচনা গড়ায় রোববার বিকাল পর্যন্ত। সম্মেলনের যৌথ সভাপতি তুরস্ক ও অস্ট্রেলিয়ার তৈরি ‘আন্তালিয়া প্যাক্ট’ নামের খসড়া চুক্তিটি পাসের জন্য প্রয়োজনীয় ঐকমত্য অর্জনে ব্যর্থ হয়। ইইউ’র পক্ষে আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী ডারা ও’ব্রায়েন বলেন, প্রস্তাবিত চুক্তিটি সময়ের দাবি মেটাতে ব্যর্থ হয়েছে। জলবায়ু পরিবর্তনের মূল চালক জীবাশ্ম জ্বালানির উল্লেখ পর্যন্ত এতে নেই। বিজ্ঞানসম্মত নয় এবং জীবাশ্ম জ্বালানিকে এড়িয়ে চলে এমন কোনো সিদ্ধান্ত ইইউ মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। তার এই বক্তব্যের পর সম্মেলন কক্ষে করতালি ওঠে এবং পানামা, মার্শাল দ্বীপপুঞ্জ ও নরওয়ে একই ধরনের আপত্তি জানায়।
আন্তালিয়া প্যাক্টে অর্থনীতির বিদ্যুতায়ন, জলবায়ু সংকট মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে ধনী দেশগুলোর অর্থায়ন এবং বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার চেষ্টা চালানোর আহ্বান জানানো হয়েছিল। তবে ১৩০টিরও বেশি দেশের দাবি সত্ত্বেও এতে ‘জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার’ কোনো অঙ্গীকার রাখা হয়নি। উল্টো ‘কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ’ (সিসিএস) প্রযুক্তির বিতর্কিত ধারা যুক্ত করা হয়, যা জীবাশ্ম জ্বালানির ব্যবহারকে দীর্ঘায়িত করবে বলে অভিযোগ করেছেন পরিবেশবাদীরা।
সম্মেলনের সভাপতি ও তুরস্কের মন্ত্রী মুরাত কুরুম ঐকমত্য না হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তারা কারও ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেননি। যেহেতু এ নথিতে সবার সম্মতি নেই, তাই মূল সিদ্ধান্তটি গৃহীত হয়নি। তবে পুরো সম্মেলন যাতে একেবারে ব্যর্থ না হয়, সেজন্য উচ্চ-কার্বন শিল্পের শ্রমিকদের নিম্ন-কার্বন অর্থনীতিতে রূপান্তরে সহায়তাসহ আনুষঙ্গিক কিছু বিষয়ে সিদ্ধান্ত পাস করা হয়েছে। এদিকে খসড়ায় সিসিএস প্রযুক্তি অন্তর্ভুক্তির পক্ষে অবস্থান নিয়েছে সৌদি আরব। অন্যদিকে কিছু বিষয়ে আপত্তি থাকলেও আফ্রিকা গ্রুপ, চীন ও পাকিস্তান এই চুক্তির বিরোধিতা করেনি।
