আগামী চার বছরে এসএমই খাতে ২৫ লাখের বেশি নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় সারা দেশের ৩৮৮টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান (এসএমই) অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানে আট শ্রেণিতে ৮ জনকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’ দেয়া হয়। প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন- বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী) ফারজানা ইসলাম মৌরী, বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী) হানিয়াম মারিয়া চৌধুরী, বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ) সৈয়দ আমিনুল কবির, বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ) এসএম ফারুক হাসান, বর্ষসেরা স্টার্টআপ প্রতিষ্ঠান আইপেজ গ্লোভালের মাসরুর হোসাইন শহীদ, বর্ষসেরা গ্রিন এসএমই বিজনেসের হামিদ হাসান আলভী এবং বর্ষসেরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা মো. মুসনাদ-ই আহমদ এবং বিশেষ উদ্যোক্তা তৃতীয় লিঙ্গের সিদ্দিক ভুঁইয়া রিজভী সিনথিয়া।
প্রধানমন্ত্রী বলেন, এসএম ফাউন্ডেশনের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে কমপক্ষে ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং এবং ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। পাশাপাশি ‘মেইড ইন বাংলাদেশ’ এবং ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে স্থানীয় পণ্যের বাজার সমপ্রসারণ জিআই ট্রেডমার্ক এবং ডিজাইন নিবন্ধন ও সহায়তা এবং দেশি-বিদেশী ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, নারী কিংবা পুরুষ যারা উদ্যোক্তা হতে আগ্রহী তাদের জন্য এসএমই ফাউন্ডেশন ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছেন। কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪টি জেলায় প্রতি বছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা পরিকল্পনা নেয়া হয়েছে। ফলে আমরা আশা করছি, আগামী চার বছরে ২৫ হাজারেরও বেশি নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হবে দেশে। সরকার চায় দেশে এসএম বিকাশের মাধ্যমে প্রতিটি কর্মক্ষেত্র এবং কর্ম সক্ষম মানুষ ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন উৎপাদনশীল কাজে সক্রিয় হোক।
এসএমই খাতে অবদান ৩৫ শতাংশে উন্নীত করার সরকারের লক্ষ্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশ-বিদেশের পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে এলডিসি থেকে বাংলাদেশ উত্তোরণ পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় সরকার ইতিমধ্যে জাতীয় এসএম নীতিমালা-২০২৬ এর খসড়া প্রণয়ন করেছে। শিগগিরই নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন করা হবে। এই নীতিমালার রূপকল্প হবে অর্থাৎ মূল বিষয়টি হবে বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব এবং এক্সপোর্টিং গেটওয়ে হিসেবে প্রতিষ্ঠা। এই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির মাইক্রো ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের। এ খাতের মাধ্যমে আমাদের লক্ষ্য রয়েছে, ২৫ লাখ নতুন কর্মসংস্থান যাতে সৃষ্টি করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই লক্ষ্য অর্জনে বড় শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি মাইক্রো, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদন ব্যবস্থা, শিল্প সর্বশৃঙ্খল এবং দেশি-বিদেশি মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত করার নীতিও গ্রহণ করার পরিকল্পনা রয়েছে আমাদের। দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে শুধু স্থানীয় বাজারের জন্য নয় এটার মধ্যে সীমাবদ্ধ রাখা কোথায় ঠিক হবে না। বরং বড় শিল্প প্রতিষ্ঠানের সহযোগী উৎপাদক, যন্ত্র সরবরাহকারী, উপকরণ প্রস্তুতকারক এবং রপ্তানিমুখী উৎপাদন ব্যবস্থার অংশ হিসেবেও গড়ে তোলা প্রয়োজন বলে আমি মনে করি এবং এটি এখানে সময়ের দাবি।
তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। নারীরা নিজেদের মেধাশ্রম এবং সৃজনশীলতার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অনেক নারী ঘরে বসে ব্যবসা করছেন। আজকে থেকে শুরু হওয়া এসএমই মেলায় নারী সংখ্যা প্রায় ৬০ শতাংশ। এই নারীরা কেউ বুটিক ও পোশাক শিল্পে, কেউ হস্তশিল্পে, কেউ খাদ্য প্রক্রিয়াজাতকরণে, আবার কেউ ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহার করে নিজেদের পণ্য বাজারজাত করছেন। অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ, প্রযুক্তি, ব্যবসায়িক নেটওয়ার্ক এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সকল বাধা দূর করতে সরকার বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের চিন্তাভাবনা করেছে এবং সেগুলো গ্রহণ করারও চেষ্টা করছে।
প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশ তার সক্ষমতা প্রমাণ করেছে।
ফলে এখন আরও নিত্য নতুন পণ্য নিয়ে বিশ্ববাজারে প্রবেশ করার জন্য মনে হয় নিজেদেরকে প্রস্তুত করা প্রয়োজন এবং উদ্যোগও গ্রহণ করা প্রয়োজন। যেমন আমরা বলতে পারি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রতি প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি, সৃজনশীল শিল্প এবং অন্যান্য সম্ভাবনা খাতেও উদ্যোক্তাদের সক্ষমতা এখন আরও বাড়ানোর সময় হয়ে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে প্রথমবারের মতো গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা এবং বিদেশে শ্রম রপ্তানির যে ধারা শুরু করেছিলেন, সেটি আজও বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম প্রধান খাত।
শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক, মেলার প্রধান পৃষ্ঠপোষক সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন শিল্পসচিব আব্দুন নাসের খান এবং বিজয়ীদের পক্ষে ফারজানা ইসলাম মৌরী বক্তব্য রাখেন।
