মন্ত্রী-এমপিসহ রাজধানীতেই আওয়ামী লীগের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার

হার্ডলাইনে পুলিশ

মন্ত্রী-এমপিসহ রাজধানীতেই আওয়ামী লীগের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও রাজনৈতিক অস্থিরতা দূরীকরণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। বাসে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপসহ বিভিন্ন নাশকতার ঘটনায় ইতিমধ্যেই সাবেক মন্ত্রী-এমপি, মেয়র, চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরিচালনা করা হচ্ছে বিশেষ অভিযান। তল্লাশি চৌকি, গোয়েন্দা নজরদারিসহ গুরুত্বপূর্ণ স্পটে বাড়ানো হয়েছে পুলিশি উপস্থিতিও।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য বলছে, গত ১লা নভেম্বর থেকে এই পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অন্তত ৮২৮ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে ১লা নভেম্বর থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত মোট ৫২৮ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। গত ১৮ই নভেম্বর ডিএমপি’র বিভিন্ন থানা এলাকায় গ্রেপ্তার হয় ৭১ জন। ১৯শে নভেম্বর ১০৭ জন। ২০শে নভেম্বর ১২৪ জন। সবশেষ গতকালও ৫৭ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে ডিএমপি। এ ছাড়াও এসআরবি, এসআরইউসহ অন্যান্য বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের সংখ্যাও কম নয়। এসব গ্রেপ্তারের তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি এস এম আতাউল হক দোলন, দর্শনা পৌরসভার সাবেক মেয়র আতিয়ার রহমান হাবু, চলচ্চিত্র অভিনেতা তমাল মাহবুব, আলো আসবেই গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিসহ অনেকে।

গত ১৭ই নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকায় থেকে আওয়ামী লীগের অন্যতম বড় নেতা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তারের পরে তাকে ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। পরে ধানমণ্ডি থানার একটি জুলাই হত্যা মামলায় আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে আদালত তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আওয়ামী লীগের সাবেক এই সিটি মেয়রের বিরুদ্ধে অন্তত ৩১টি মামলা এবং ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে রাজধানীতে তার আটকের খবরে সব মহলেই হইচই পড়ে যায়। অনেকেই বিশ্বাস করতে পারেননি সাঈদ খোকন ঢাকাতেই আত্মগোপনে ছিলেন। সাঈদ খোকনের গ্রেপ্তারের পর দিন-রাতেই রাজধানীর উত্তরা-৩ নম্বর সেক্টর থেকে আওয়ামী লীগের সময়ে টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা সিলেট-৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ওই একই রাতে উত্তরা-১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর একদিন পরই ২০শে নভেম্বর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি ও শ্যামনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করে এসআরবি-১-এর সদস্যরা।

দোলনকে আটকের কিছু সময় পরই আজিমপুর এলাকা থেকে চলচ্চিত্র অভিনেতা তমাল মাহবুবকে গ্রেপ্তার করে ডিবি। ওই একইদিন ভোরে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র মো. আতিয়ার রহমান হাবুকে গ্রেপ্তার করে গুলশান গোয়েন্দা পুলিশ (ডিবি)। থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে গত ১৯শে নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলুকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ১৬ই নভেম্বর রাত ১১টার দিকে রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রামগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক বেলাল আহমেদকে গ্রেপ্তার করে রামপুরা থানা পুলিশ।

একই রাতে রামপুরা থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগেও রাজধানীর গুলশান-২ নম্বরের ৪৩ নম্বর সড়কের ২৯ নম্বর বাসায় অভিযান চালিয়ে চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোলের সংখ্যাও বাড়ানো হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেপ্তারে ব্লক রেইড ও চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। যারা এই সব নাশকতার ঘটনায় অর্থ জোগান দিচ্ছে এবং এসব কর্মকাণ্ডের পরিকল্পনাকারী ও ইন্ধনদাতা এমন অনেকের নাম আমাদের হাতে এসেছে। তাদের মধ্যে কেউ দেশের বাইরে, আবার কেউ ঢাকার ভেতরে আত্মগোপনে রয়েছেন। তারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এসব সমন্বয় করছেন। আমরা এমন অনেককেই গ্রেপ্তার করেছি। কীভাবে গান পাউডার দিয়ে বোমা তৈরি করছে তা আবার বাথরুমে পরীক্ষা করছে তার ভিডিও, কোথা থেকে এসব নাশকতার সরঞ্জাম সংগ্রহ করছে এমন অনেক তথ্য তাদের ব্যবহৃত ফোন থেকে ও তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে এসব নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। চেকপোস্ট বসানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি কামারুম মুনিরা বলেন, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। কেউ নাশকতার চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।