সিলেট নগর জুড়ে পুলিশের নজরদারি

সিলেট নগর জুড়ে পুলিশের নজরদারি

ফন্ট সাইজ:

সিলেট নগর জুড়ে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ। জারি করেছে নতুন ফরমানও। রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল সীমিত করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন; সিলেটে নাশকতাকারীরা রাতের বেলা মোটরসাইকেল নিয়ে অঘটন ঘটাচ্ছে। কয়েকটি ঘটনায় ব্যবহার করা হয়েছে মোটরসাইকেল। নগর পুলিশের এক কর্মকর্তা মানবজমিনকে জানিয়েছেন- সিলেটে প্রতিমন্ত্রীর বাসাতে নাশকতাকারীরা এসেছিল মোটরসাইকেল নিয়ে। ঘটনা ঘটিয়ে তারা দ্রুতই সটকে পড়েছে। এ ছাড়া নগরের চালিবন্দরের চারটি বাসে আগুন দেয়ার ঘটনাকারীরাও মোটরসাইকেল নিয়ে এসেছিল। দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার জন্য তারা মোটরসাইকেলকেই ব্যবহার করেছে। ফলে মধ্যরাতের পর চলাচলে সংকোচিত নিষেধাজ্ঞা জারি করে।

রাতের বেলা বিভিন্ন পয়েন্টে পুলিশের তরফ থেকে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। তবে বিশেষ প্রয়োজনে যারা মোটরসাইকেল ব্যবহার করছেন পুলিশ তাদের প্রতি নমনীয় হচ্ছে। পুলিশ জানায়, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ছয়টি থানা এলাকায় রাত্রিকালীন ব্লক রেইড, চেকপোস্ট স্থাপন, যানবাহন তল্লাশি ও আবাসিক হোটেলগুলোতে নজরদারি চালানো হচ্ছে। ছিনতাই, মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি অবৈধ অস্ত্রধারী এবং নিয়মিত মামলার আসামিদের গ্রেপ্তারে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তার স্বার্থে সিলেট মহানগর এলাকায় প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করেছে এসএমপি। শনিবার জারি করা এক গণবিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। জরুরি প্রয়োজনে এ সময়ে মোটরসাইকেল নিয়ে চলাচলকারীদের হালনাগাদ যানবাহনের কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে। এদিকে নাশকতাকারীদের গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে ব্লক রেইড সহ সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

এরই মধ্যে গত এক মাসে সিলেট মেট্রোপলিটন পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। নগরের চালিবন্দর এলাকায় চারটি বাসে আগুন দেয়ার ঘটনায় পার্শ্ববর্তী মাছিমপুর থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে। নগর ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমান মহানগর আওয়ামী লীগ সদস্য রাহাত তরফদারের তল্লাশি করা হয়েছে। শুক্রবার বিকালে নগরের পাঠানটুলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দোয়া মাহফিল করেছিল। এ ঘটনায় পুলিশের তরফ থেকে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

এদিকে যেসব এলাকায় নাশকতার ঘটনা ঘটছে সেসব এলাকায় পুলিশ নজরদারি বাড়িয়েছে। বিশেষ করে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে। সিলেটের কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির জানিয়েছেন- নগরে যারা ঘটনা ঘটাচ্ছে তারা ভার্চ্যুয়াল তদন্তে শনাক্ত হচ্ছে। পরে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। নাশকতাকারীদের ধরতে নানা ভাবে পুলিশ নজরদারি চালাচ্ছে। এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের লোকজনের মাধ্যমে শনাক্ত ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা অপূর্ব বাড়ই ও দুর্জয় সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা ও উপ-পুলিশ কমিশনার আলফাজ হোসেন জানিয়েছেন-শনিবার রাতে পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। গতকাল রোববার বিকালে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পঠানো হয়েছে। তিনি বলেন- প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।