দীর্ঘদিন পর দেশে ফিরেই একের পর এক মামলার মুখে পড়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য ও নিউ ইয়র্কভিত্তিক ঠিকানা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। গত ৯ই নভেম্বর সোমবার যুক্তরাষ্ট্র থেকে সংক্ষিপ্ত সফরে দেশে আসার ছয় দিনের মাথায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়। এর পরপরই ২০১৮ সালের একটি মৃত্যুর ঘটনায় এম এম শাহীনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করা হয়েছে। আট বছর আগের পৃথক দু’টি ঘটনা নিয়ে আকস্মিক এসব অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
গত ১৫ই নভেম্বর রাতে কুলাউড়া থানায় বিস্ফোরকদ্রব্য আইন ও দণ্ডবিধির ১৪৩, ৪২৭, ৪৩৬, ৩৮০ ও ১০৯ ধারায় প্রথম মামলাটি করেন উপজেলা বিএনপি’র সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মইনুল হক বকুল। থানার ১০ নম্বর মামলায় এম এম শাহীন ছাড়াও অজ্ঞাতপরিচয় ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়, ২০১৮ সালের ২৮শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এম এম শাহীনের নির্দেশে কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে বিএনপি’র নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। রাজনৈতিক প্রভাব ও ভয়ভীতির কারণে তখন আইনের আশ্রয় নিতে পারেননি বলে দাবি করেছেন বাদী। ১৭ই নভেম্বর কুলাউড়া থানা পুলিশ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে।
অন্যদিকে, ২০১৮ সালের সেপ্টেম্বরে কুলাউড়ার সাবেক যুবদল নেতা আজমল আলী শামীমের মৃত্যুর ঘটনায় এম এম শাহীনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। নিহতের স্ত্রী কণা বেগমের নামে গত ১৭ই নভেম্বর মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৩০২/৩৪/২০৬ (২) ধারায় সিআর মামলা নং ২২৯/২০২৩ (জুড়ী) দায়ের করা হয়।
অভিযোগপত্রে দাবি করা হয়, ২০১৮ সালের ১৮ই সেপ্টেম্বর রাতে শাহীন চৌধুরী নামে এক ব্যক্তি শামীমকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিয়ে যান। পরে জুড়ী এলাকায় তাকে হত্যা করা হয়। অভিযোগকারীর দাবি, এম এম শাহীনের নির্দেশেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। দীর্ঘ আট বছর পর মামলা দায়েরের কারণ হিসেবে অভিযোগকারী উল্লেখ করেন, এম এম শাহীনের প্রভাবের কারণে সে সময় তিনি আদালতে মামলা করতে পারেননি।
শামীমের মৃত্যুর সময় প্রকাশিত সংবাদমাধ্যমের তথ্যের সঙ্গে বর্তমান অভিযোগের গুরুত্বপূর্ণ অসংগতি রয়েছে। ২০১৮ সালের ১৯শে সেপ্টেম্বর এনটিভি, যমুনা টেলিভিশন, বাংলা ট্রিবিউন, যুগান্তর, ইত্তেফাকসহ একাধিক জাতীয় সংবাদমাধ্যমে তার মৃত্যুকে বন্যহাতির আক্রমণজনিত বলে উল্লেখ করা হয়। তৎকালীন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের বরাতে প্রকাশিত সংবাদে মরদেহে হাতির পায়ের ছাপের মতো চিহ্ন পাওয়ার কথাও জানানো হয়। ঘটনায় জুড়ী থানায় ০২/২০১৮ নম্বর অপমৃত্যুর মামলা হয়েছিল বলে এজাহারে উল্লেখ রয়েছে। মৃত্যুর পর ময়না তদন্তের রিপোর্টসহ আদালতে তৎকালীন জুড়ী থানা পুলিশ নথিপত্র জমা দেয়। উল্লেখ্য, ঐ সময়ে এম এম শাহীন নিউ ইয়র্কে অবস্থান করছিলেন।
মামলার বিষয়ে এম এম শাহীন বলেন, আমি বিস্মিত, স্তম্ভিত ও হতবাক। স্বদেশের টানে দীর্ঘদিন পর দেশে এসেছি। অথচ দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই আট বছর আগের দু’টি সম্পূর্ণ ভিন্ন ঘটনায় আমাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে। এসব ঘটনার সঙ্গে আমার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই।
তিনি বলেন, আমি সারা জীবন প্রবাসীদের অধিকার এবং কুলাউড়ার উন্নয়নে কাজ করেছি। কুলাউড়ার মানুষের অকৃত্রিম ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমার দেশে-বিদেশে পরিচিতি ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি সুবিধাবাদী মহল ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে হয়রানির চেষ্টা করছে বলে আমি মনে করি। অথচ আমি এখন সক্রিয় রাজনীতির বাইরে। জীবনের বাকি সময় সাংবাদিকতা ও মানুষের কল্যাণেই নিবেদিত থাকতে চাই। এম এম শাহীন বলেন. আমি আইনের শাসন ও ন্যায়বিচারের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। কোনো অন্যায় করিনি। নিরপেক্ষ তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে আমার দৃঢ়বিশ্বাস।
এম এম শাহীন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রবাসী কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি জালালাবাদ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ লীগ অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক ও ফোবানার সাবেক কর্মকর্তা। নিউ ইয়র্ক-ঢাকা রুটে বিমান চলাচল, সোনালী এক্সচেঞ্জের শাখা প্রতিষ্ঠা, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় গঠন এবং প্রবাসীদের আবাসন ও বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
১৯৯৩ সালে দেশে ফিরে বিএনপি’র রাজনীতিতে সক্রিয় হন তিনি। পরবর্তী সময়ে কেন্দ্রীয় যুবদল, কুলাউড়া উপজেলা বিএনপি ও মৌলভীবাজার জেলা বিএনপি’র গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি’র প্রার্থী এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৪ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন এবং পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন। রাজনীতির পাশাপাশি প্রায় ৩৭ বছর ধরে সাংবাদিকতা ও গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত এম এম শাহীন। তার প্রতিষ্ঠিত ঠিকানা ১৯৯০ সালের ২১শে ফেব্রুয়ারি নিউ ইয়র্ক থেকে প্রকাশনা শুরু করে।
