গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) মো. জিয়াদুর রহমানকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের আরও ৬ বিচারককে বদলি করা হয়েছে। গতকাল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব (প্রশাসন-১) মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে এ বদলির আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মো. জিয়াদুর রহমান এতদিন গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মো. জিয়াদুর রহমান ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) থাকাকালীন নাশকতা ও হত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদন (তথ্যগত ভুল ও অভিযোগ প্রমাণিত না হওয়ায়) গ্রহণ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৪ জনকে অব্যাহতির আদেশ দিয়েছিলেন। যা জাতীয় গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। এ ছাড়া ২০১৫ সালে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের দেশব্যাপী অবরোধ চলাকালে ৪২ জনের মৃত্যুর ঘটনায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি দেন। ২০২৫ সালের ২৬শে নভেম্বর মো. জিয়াদুর রহমানকে ঢাকা থেকে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়। একই বছরের ৩১শে ডিসেম্বর তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। কর্মজীবনের শুরুর দিকে তিনি হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া একই প্রজ্ঞাপনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের আরও ৬ কর্মকর্তাকে বিভিন্ন পদে ও কর্মস্থলে বদলি করা হয়েছে। এরমধ্যে তৈয়বুল হাসানকে দিনাজপুর থেকে ময়মনসিংহে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে, মো. হাফিজুল ইসলামকে সংযুক্ত কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, রংপুর পদে, মোসা. ফৌজিয়া হাফসাকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যশোর থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম পদে, আলমগীর কবির রাজকে সংযুক্ত কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ), আইন ও বিচার বিভাগ, ঢাকা থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চাঁপাইনবাবগঞ্জ পদে, ফারজানা আহমেদকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ময়মনসিংহ থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ পদে, মোহাম্মদ আব্দুল হাইকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, গাজীপুর থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, গাজীপুর পদে বদলি করা হয়। প্রজ্ঞাপনে বদলিকৃত সব কর্মকর্তাকে দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ২৬শে নভেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
