বান্দরবানের রেইছা-গোয়ালিয়াখোলা সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক কার্পেটিং কাজ। এ নিয়ে মঙ্গলবার মানবজমিনে সংবাদ প্রকাশিত হলে বিদ্যুৎ বিভাগের নজরে পড়ে। এরপর বিদ্যুৎ বিভাগ ২৪ ঘণ্টার মধ্যে খুঁটি তুলে ফেলে। গোয়ালিয়াখোলা এলাকার বাসিন্দা টমটম চালক সুজন মার্মা বলেন, সড়কের উপরে বিদ্যুতের খুঁটি আমাদের জন্য অনেক বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল। সংবাদ প্রকাশের পর খুঁটি সরিয়ে নিচ্ছেন। আমরা খুব খুশি। সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংসাহ্লা মার্মা বলেন, বিদ্যুতের খুঁটি সরিয়ে নেয়া হচ্ছে এমন খবর পেয়ে আমরা মহাখুশি। তবে এলাকার স্বার্থে রাস্তার কাজটা আরও ভালো করতে হবে। কারণ রাস্তার কাজে অনিয়ম হচ্ছে। তাই আমি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসাইন বলেন, কয়েকটি গণমাধ্যমে সংবাদ দেখে আমি দ্রুত বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নিতে নির্দেশ দিয়েছি। নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা বৈদ্যুতিক খুঁটিটি সরিয়ে নেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান বলেন, সাংবাদিক মাধ্যমে জানতে পারি গোয়ালিয়াখোলা সড়কে রাস্তার কাজে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি আছে। আমি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানাই। পরে নির্বাহী প্রকৌশলী খুঁটি সরিয়ে নেন।
মানবজমিনে সংবাদ প্রকাশ
বান্দরবানে সড়কে বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নিলো বিদ্যুৎ বিভাগ
বান্দরবান প্রতিনিধি
১৮ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
