আবারো কোপা আমেরিকার আয়োজক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আবারো কোপা আমেরিকার আয়োজক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ফন্ট সাইজ:

আরেকবার যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। ২০২৮ সালের টুর্নামেন্ট আয়োজনের জন্য দেশটির পরিকল্পনা প্রায় চূড়ান্ত। সংশ্লিষ্ট আলোচনার বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’। টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে শিগগিরই।

২০২৪ সালের পর টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার আয়োজক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সবকিছু চূড়ান্ত হলে ২০১৬ থেকে ২০২৮—এই ১২ বছরে পাঁচ আসরের তিনটিই অনুষ্ঠিত হবে দেশটিতে। ২০২৮ আসর আয়োজন নিয়ে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাক্যাফ এবং দক্ষিণ আমেরিকার সংস্থা কনমেবল দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে আসছে। তবে আয়োজক দেশের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

২০২৪ সালের আসরে কনমেবলের ১০টি দেশের পাশাপাশি কনকাক্যাফ অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, পানামা, কোস্টারিকা ও জ্যামাইকা অংশ নেয়। ২০২৮ সালেও কনকাক্যাফভুক্ত দেশগুলোর অংশগ্রহণের সুযোগ থাকছে। তবে বাছাইপ্রক্রিয়া ও অংশগ্রহণকারী দলের সংখ্যা এখনো নির্ধারিত হয়নি।

২০২৪ সালের আসরে ১৬টি দলের খেলা দেখতে মাঠে উপস্থিত হন ১৫ লাখের বেশি দর্শক। টুর্নামেন্টটি থেকে উল্লেখযোগ্য বাণিজ্যিক আয়ও করে কনমেবল। তবে মাঠের মান নিয়ে খেলোয়াড় ও কোচদের সমালোচনা এবং ফাইনালের আগে দর্শকদের অনিয়ন্ত্রিত প্রবেশচেষ্টায় সৃষ্ট বিশৃঙ্খলা আয়োজকদের প্রশ্নের মুখে ফেলে।

২০২৮ সালের আসরের সম্ভাব্য সূচি নির্ধারণেও রয়েছে বাড়তি চ্যালেঞ্জ। একই বছর ১৪ই জুলাই থেকে লস অ্যাঞ্জেলেসে শুরু হবে গ্রীষ্মকালীন অলিম্পিক। তাই দুই আয়োজনের সূচি যেন সাংঘর্ষিক না হয়, সেদিকে নজর রাখতে হবে আয়োজকদের।

অন্যদিকে, ২০২৭-২৮ মৌসুম থেকে ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে সামঞ্জস্য রেখে সূচি পরিবর্তন করতে যাচ্ছে মেজর লীগ সকার (এমএলএস)। ফলে সম্ভাব্য কোপা আমেরিকার সময় লিওনেল মেসিদের লীগে বিরতি থাকার কথা।