জনগণের রায়কে অপমান করে রাজনীতি বাংলাদেশে চলবে না

অস্ট্রেলিয়ায় জামায়াত আমীর

জনগণের রায়কে অপমান করে রাজনীতি বাংলাদেশে চলবে না

ফন্ট সাইজ:

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জাতীয় সংসদের শেষ বক্তব্যে বলেছি—মাননীয় প্রধানমন্ত্রী ভুল করছেন। ফিরে আসেন, জনগণের রায়কে সম্মান করুন। জনগণের রায়কে অপমান করে বাংলাদেশে রাজনীতি চলবে না।’ স্থানীয় সময় রোববার অস্ট্রেলিয়ায় ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনাদেরকে ওই দেবো, এই দেবো, আপনারা আসেন আমাদের সঙ্গে বসেন, কমিটিতে ঢোকেন। আমরা বলছি—যা দিতে বলছি, সেটা দিতে পারবেন। আসমানের চাঁদটা হাতে এনে দিতে পারবেন? সেইটাও দিয়ে দেখেন যে, আমরা আমাদের আদর্শ থেকে, কমিটমেন্ট থেকে, সরে যাই কিনা! আমরা সরব না ইনশাআল্লাহ। আমরা কনফিডেন্ট ইনশাআল্লাহ, এ দাবি আদায় হবে।

‘এই দাবি আমরা পরিত্যক্ত ঘোষণা করব না, এটা নিয়েই সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ’—বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এখন বাংলাদেশে যে সমস্ত সন্ত্রাস নৈরাজ্য চলতেছে, সেটারও শেষ হবে ইনশাআল্লাহ।

নাম উল্লেখ না করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন,  আপনারা যখন সবদিক থেকে সমৃদ্ধ ছিলেন, সব বাহিনী পাশে ছিল, সকল অস্ত্র হাতে ছিল, অপকর্মের কারণে সাহস করে বাংলাদেশে থাকতে পারেন নাই। এখন আপনারা আসার চিন্তা করতেছেন। সবকিছু সঙ্গে থাকা অবস্থায় আসতে পারেন নাই, থাকতে পারেন নাই, এখন আসবেন কিভাবে? ’

‘আপনারা আসবেন তো গেলেন কেন? গেলেন তো কার বাড়ি গেলেন, মানুষ যায় হয় তার শ্বশুর বাড়ি, না হয় ছেলের কাছে, না হয় মেয়ের কাছে, আপনারা কার কাছে গেছেন, কোন ঠিকানায় গেলেন, যেই ঠিকানা প্রতিদিন আমাদেরকে কষ্ট দেয়!  আমাদের সীমান্তে কাঁটাতারে...আপনারা ওখানে গিয়েছেন’—বলেন জামায়াত আমীর।

তিনি  আরও বলেন, ‘আবরার ফাহাদ, সে তার পানির অধিকারের পক্ষে একটু কথা বলেছিল, তাকে লাশ করেছে, যাদের ইশারা ইঙ্গিতে যাদেরকে খুশি করতে লাশ করেছেন, আপনারা আশ্রয় ওখানে নিয়েছেন।’

জামায়াত আমীর বলেন, ‘এখন রিফর্ম আওয়ামী লীগ, তারপরে কি না পালিয়ে যাওয়া আওয়ামী লীগ। আরও কত কিছু শুনতেছি। কত ভালো আওয়ামী লীগ যখন সারা জাতির সন্তানদেরকে নির্বিচারে খুন করলো, গুম করলো, তখন এত ভালো আওয়ামী লীগেরা কোথায় ছিল?’