চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় ‘সশস্ত্রবাহিনী দিবস’ উদ্যাপন

ফন্ট সাইজ:

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ‘সশস্ত্রবাহিনী দিবস-২০২৬’ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রামে আলোচনা অনুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও উপহার বিতরণ এবং মনোজ্ঞ ব্যান্ড ড্রিল ও মহড়া অনুষ্ঠিত হয়। শনিবার বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার, শহীদ পরিবারের সদস্য, সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য, সামরিক ও অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. আব্দুল্লাহ আল-মামুন। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া বীর সন্তান এবং স্বাধীনতার পর দেশ সেবায় জীবন উৎসর্গকারী সশস্ত্রবাহিনীর সদস্যদের অবদানের কথা তুলে ধরেন।

বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের ২১শে নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত অভিযান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করে। স্বাধীনতার পর দেশ পুনর্গঠন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জাতীয় সংকটে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশের অখণ্ডতা রক্ষায় সশস্ত্রবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সশস্ত্রবাহিনীর সদস্যরা দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৮৮ সাল থেকে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সহায়তায় বাংলাদেশের শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। দেশের স্থলসীমা, সমুদ্রসীমা ও আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতেও সশস্ত্রবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

অনুষ্ঠানে ঘাঁটি এয়ার অধিনায়ক, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। পরে সশস্ত্রবাহিনীর সদস্যদের ব্যান্ড ড্রিল পরিবেশনা ও আকর্ষণীয় মহড়া অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। ১৯৭১ সালের ২১শে নভেম্বর মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত অভিযান শুরু হয়। এই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রতি বছর ২১শে নভেম্বর সশস্ত্রবাহিনী দিবস পালন করা হয়।