প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে ফেরানোর আর কোনো আইনি পথ নেই: শিশির মনির

ফন্ট সাইজ:

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, আইনগতভাবে বন্দি প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আর কোনো দ্বিতীয় বিকল্প নেই। শনিবার বিকালে সুনামগঞ্জের দিরাইয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিশির মনির বলেন, প্রত্যর্পণ চুক্তির পদ্ধতি অনুযায়ী বাংলাদেশ সরকার অনুরোধ পাঠালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তা গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবে। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত তিনবার এ বিষয়ে জানতে চেয়েছে।

তিনি বলেন, চুক্তির অধীনে প্রত্যর্পণ করতে হলে আগে ওই দেশে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তারের পর নিকটস্থ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। তিনি ম্যাজিস্ট্রেট হলেও তার ক্ষমতা হাইকোর্টের সমান। তিনি বাংলাদেশ থেকে পাঠানো কাগজপত্র সঠিক পেলে প্রত্যর্পণের আদেশ দেবেন। এরপর দুই সরকারের সুবিধাজনক সময় ও স্থান, অর্থাৎ পয়েন্ট অব কনভেনিয়েন্স নির্ধারণ করে হস্তান্তর সম্পন্ন হবে।

দেশের অস্থিতিশীল পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, অস্থিতিশীলতা আসলে রাজনৈতিক আন্দোলন। বোমা ফাটানোর আন্দোলন দিয়ে বড় অর্জন হয় না। ৫ই আগস্টে হাজার হাজার নারী-পুরুষ, ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে রাস্তায় নেমেছিল। সেটাই ছিল শক্তিশালী গণ-আন্দোলন। বর্তমানে যা চলছে, তা খণ্ডিত ও নাশকতামূলক। জামায়াত ও বিএনপি’র ঐক্য প্রসঙ্গে শিশির মনির বলেন, সরকারি ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক সমালোচনার পরিবেশ থাকতে হবে। গালাগালি, বাজে শব্দ ব্যবহার ও অপমান বন্ধ করতে হবে। বিরোধী দল হোক বা সরকারি দল হোক, কেউ এমন করলে তাকে থামাতে হবে। জুলাই আন্দোলনের প্রাপ্তি ও গণভোটে গুরুত্ব দিতে হবে। মতবিনিময়ে দিরাই প্রেস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাবেক আহ্বায়ক শোয়েব হাসান, সাধারণ সম্পাদক ইমরান হোসাইনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।