প্রায় ৫ বছর আগে পরিচয়হীন অবস্থায় কুষ্টিয়ার দৌলতপুরে আসা নেপালের এক যুবক রিয়ান আনসারী অবশেষে ফিরছেন নিজ পরিবারের কাছে। বাংলাদেশ সরকার ও নেপাল দূতাবাসের সহযোগিতায় দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে তার। শনিবার দুপুরে নেপাল দূতাবাসের প্রতিনিধিরা কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে গিয়ে তাকে পরিবারের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে নিয়ে যান। রিয়ান নেপালের বারা জেলার কালাইয়া থানার বাসিন্দা। তিনি ওই এলাকার বাদল আনসারীর ছেলে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে নেপাল দূতাবাস। রিয়ানের পরিবারের সদস্যরা বর্তমানে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে অপেক্ষা করছেন। সেখানেই তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, প্রায় পাঁচ বছর আগে আসা রিয়ান দৌলতপুরের বিভিন্ন এলাকায় পরিচয়হীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলেন। এ সময় ফিলিপনগর এলাকার পলাশ আহমেদ তাকে আশ্রয় দেন। এরপর থেকে পরিবারের সদস্যের মতোই তার দেখাশোনা করে আসছিলেন তিনি। চলতি বছরের জুলাইয়ে রিয়ানের দেয়া একটি ফোন নম্বরের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত হয়। ওই নম্বরে যোগাযোগের মাধ্যমে সন্ধান মেলে পরিবারের। এরপর থেকে স্বজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছিল তার। আশ্রয়দাতা পলাশ আহমেদ বলেন, প্রায় চার বছর ধরে রিয়ান আমার কাছে আছে। পরিবারের সদস্যের মতোই তাকে দেখাশোনা করেছি। শুরুতে তার ভাষা বুঝতে কষ্ট হতো, এখন কিছুটা বাংলা বলতে পারে। গত জুলাই মাসে পরিবারের একটি নম্বর দেয়ার পর যোগাযোগ হয়। সে প্রতিদিন চার-পাঁচবার পরিবারের সঙ্গে কথা বলতে চায়। স্বজনদের কাছে ফিরতে পেরে সে খুব খুশি। তাকে ফিরিয়ে দিতে পেরে আমারও আনন্দ হচ্ছে, তবে দীর্ঘদিন একসঙ্গে থাকায় নিজেদের খারাপও লাগছে। ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, ছেলেটি দীর্ঘদিন ধরে এখানে ছিল।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নেপাল দূতাবাসের একজন কর্মকর্তা তাকে নিয়ে গেছেন। নেপাল দূতাবাসের তৃতীয় সচিব সুরাজ আমগাইন বলেন, সরকারি উদ্যোগে তাকে নিতে এসেছি। তার পরিবারের সদস্যরা বাংলাবান্ধা সীমান্তে অবস্থান করছেন। সেখানে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সারওয়ার বলেন, সরকারি নিয়ম অনুসরণ করেই ওই যুবককে তার দেশে (নেপাল) ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘদিন পর রিয়ানের স্বজনদের কাছে ফেরার খবরে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। একই সঙ্গে একজন অসহায় বিদেশি যুবককে বছরের পর বছর আশ্রয় দিয়ে পরিবারের সদস্যের মতো আগলে রাখায় প্রশংসায় ভাসছেন পলাশ আহমেদ।
