মাদক কারবারি ও নিষিদ্ধ সংগঠনের যেকোনো বিশৃঙ্খলা বা আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার দুপুরে নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও মাদক প্রতিরোধে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি জানান, প্রতি মাসে বেতন চালু, অবসরকালীন ভাতা ১ লাখ টাকা নির্ধারণ এবং গ্রাম পুলিশকে ‘মহল্লাদার’ ও প্রধানকে ‘দফাদার’ হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়টি তিনি মন্ত্রিসভা ও সংসদে উত্থাপন করবেন। শৃঙ্খলা ও সততার উপর জোর দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজি বা মাদক ও সন্ত্রাসীদের সঙ্গে আঁতাতের মতো কোনো অনিয়ম সহ্য করা হবে না। মাদক প্রতিরোধ ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রুখতে গ্রাম পুলিশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক ও নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
