ইরানের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে দেশগুলোর ওপর চাপ দিতে মার্কিন কূটনীতিকদের নির্দেশ

ইরানের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে দেশগুলোর ওপর চাপ দিতে মার্কিন কূটনীতিকদের নির্দেশ

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বজুড়ে নিযুক্ত মার্কিন কূটনীতিকদের ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে বিভিন্ন দেশকে আহ্বান জানাতে নির্দেশ দিয়েছেন। ইরান থেকে সম্ভাব্য হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। এ খবর দিয়েছে এবিসি নিউজ।
সংবাদমাধ্যমটি বলছে, একটি গোপন বার্তায় বলা হয়েছে, কূটনীতিকরা যেন সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে দ্রুত পদক্ষেপ নিয়ে ইরান ও ইরানপন্থী গোষ্ঠীগুলোর সক্ষমতা কমানোর আহ্বান জানান, যাতে তারা বিভিন্ন দেশের নাগরিক ও স্থাপনার ওপর হামলা চালাতে না পারে।

সোমবার পাঠানো এ নির্দেশনা ‘আইআরজিসি কার্যক্রম নিয়ে উচ্চ উদ্বেগ’ শিরোনামে জারি করা হয়, যেখানে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে উল্লেখ করা হয়েছে।
বার্তায় কূটনীতিকদের আগামী ২০ মার্চের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে এই বার্তা পৌঁছে দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে আন্তর্জাতিক সমর্থন গড়ে তুলতে কাজ করছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য একটি জোট গঠনের চেষ্টা চলছে। ট্রাম্প জানিয়েছেন, এ বিষয়ে সম্মত দেশগুলোর তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।

রুবিওর বার্তায় ইরান বা তাদের মিত্রদের হামলার ঝুঁকি বৃদ্ধির বিস্তারিত ব্যাখ্যা না থাকলেও সম্মিলিত পদক্ষেপকে সবচেয়ে কার্যকর কৌশল হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, একক পদক্ষেপের তুলনায় যৌথ চাপ ইরানকে আচরণ পরিবর্তনে বেশি বাধ্য করতে পারে।

বার্তায় কূটনীতিকদের ইরানের দীর্ঘদিনের প্রভাব বিস্তারের প্রচেষ্টা তুলে ধরার নির্দেশও দেয়া হয়েছে। এতে হিজবুল্লাহ, হামাস ও ইরাকি মিলিশিয়াদের প্রতি ইরানের সমর্থনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এছাড়া ‘অপারেশন এপিক ফিউরি’র লক্ষ্য হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিষ্ক্রিয় করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা, তাদের মিত্র নেটওয়ার্ক ভেঙে দেয়া এবং নৌ সক্ষমতা হ্রাস করার কথা বলা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন