নালিতাবাড়ীতে শিশুসহ ৬ ভারতীয় আটক

ফন্ট সাইজ:

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দুপুরে উপজেলার পানিহাতা মিশনের পূর্বদিকে ফেকামারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। পরে রাতে আটককৃতদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, দুপুরে পানিহাতা ফেকামারী সীমান্ত পথে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ছয় ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু।

আটককৃতরা হলো— আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), তাদের সন্তান আকিব (শিশু), নুরজাহান খাতুন, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)। তাদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়। বিজিবি জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।