দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান নৈরাজ্য ঠেকাতে নিজ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। শনিবার বিকালে সোনাগাজী উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গত ১৮ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতার অধিকারসহ সব অধিকার হরন করেছে। দেশের প্রতিটি জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর অত্যাচার, জেল, জুলুম চালিয়েছিল। এখন এ দলের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে।
তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ করে বলেন, আপনারা আইন ভঙ্গ করবেন না, যদি কেউ আইন ভঙ্গ করে দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার বিকালে সোনাগাজী উপজেলা বিএনপি’র আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় এতে আরও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপি নেতা আলমগীর চৌধুরী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, পৌর বিএনপি’র আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা যুবদল নেতা দাউদুল ইসলাম মিনার, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা প্রমুখ। বিক্ষোভ মিছিলটি সোনাগাজী সরকারি সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌরসভা চত্বরে প্রতিবাদ সভায় মিলিত হয়।
