কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে প্রাণের কর্মশালা

ফন্ট সাইজ:

কৃষি প্রক্রিয়াজাত শিল্প বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণ: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্পের পথিকৃৎ প্রাণ গ্রুপের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প নিয়ে তথ্যসমৃদ্ধ ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতাকে উৎসাহিত করতে প্রাণ গ্রুপ প্রতি বছর সাংবাদিকদের জন্য শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কর্মশালার আয়োজন করে আসছে। এ কর্মশালার উদ্দেশ্য হলো বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনা, রপ্তানি খাতের চ্যালেঞ্জ এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের রপ্তানি সম্ভাবনা সম্পর্কে সাংবাদিকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। এর মাধ্যমে এ খাতে আরও তথ্যভিত্তিক, গভীর ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের সক্ষমতা বাড়বে।

প্রধান অতিথির বক্তব্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষি প্রক্রিয়াজাত শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও রপ্তানি সম্প্রসারণের সুযোগ সম্পর্কে গণমাধ্যমের ইতিবাচক ও তথ্যভিত্তিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালা সাংবাদিকদের শিল্পসংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কৃষি প্রক্রিয়াজাত শিল্পের অগ্রগতি ও সম্ভাবনা তুলে ধরতে সহায়ক হবে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে আমাদের দেশের কূটনীতিতে বাণিজ্যকে অগ্রাধিকার দিতে হবে। বিভিন্ন দেশের সঙ্গে সমস্যা চিহ্নিত করে সে দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি। এ ছাড়া আমাদের রপ্তানি এখন তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। সেখানে বিভিন্ন বৈচিত্র্য আনা যায় তা নিয়ে সবাই কথা বললেও কীভাবে বাস্তব ফল পাওয়া যায় তা নিয়ে আমাদের বেশি কাজ করতে হবে।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে আমরা ব্যাপক পিছিয়ে রয়েছি। অথচ পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বিশাল বাজার। বিশেষ করে সেভেন সিস্টার্সে আমাদের ভালো করার ব্যাপক সুযোগ রয়েছে। সেক্ষেত্রে স্থলবন্দর জটিলতাসহ নন-ট্যারিফ কিছু বাধায় আমরা কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, আফ্রিকার বাজারে আমরা ভালো করতে পারি, কিন্তু সহজলভ্য পরিবহন ব্যবস্থার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। কৃষিতে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস না থাকায় ইউরোপের বাজারে আমরা ভালো করতে পারছি না। এসব বিষয়ে আমাদের কাজ করতে হবে এবং সরকারকে বাণিজ্যিক কূটনীতিতে জোর দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস তার উপস্থাপনায় বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পের রপ্তানি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন।