রাজশাহী শিক্ষা সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র: ভূমিমন্ত্রী

ফন্ট সাইজ:

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী শিক্ষা সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র। এই রাজশাহী থেকেই জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় রয়েছেন। তারা বিশ্বে রাজশাহী এবং বাংলাদেশকে গৌরবের সঙ্গে তুলে ধরেছেন। রাজশাহীর মানুষ খুবই শান্তি ও অতিথি প্রিয়। এই রাজশাহীতেই দেখার মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে। আশাকরি যারা খেলাধুলা করতে এসেছেন তাদের খুব ভালো লাগবে। শনিবার দুপুরে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজশাহী তথা এই বিভাগের মানুষ হাসতে জানে ও প্রয়োজনের সময়ে রুখে দাঁড়িয়ে লড়াই করতে জানে। দেশ ও জাতির স্বার্থে নিজের জীবন উৎসর্গ করতেও পারে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলায় দেশের যুবসমাজকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে চলেছেন। যাতে এই যুবসমাজ মাদক থেকে দূরে রাখে ও খেলাধুলায় পারদর্শী হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে। তারেক রহমানের নেতৃত্বে দেশে এগিয়ে যাচ্ছে, আগামী দিনে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

বাংলাদেশ কারও গোলামি নয়, সহমর্মিতাই থাকতে চায়। পরস্পর পরস্পরের প্রতি বন্ধুত্বসুলভ আচরণের মাধ্যমেই এগিয়ে যেতে চায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার প্রমুখ।