প্রশংসায় ভাসছে সালথা থানার পুলিশ

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে অস্ত্রাগারে রক্ষিত সরকারি ও পাবলিকের অস্ত্র নিরাপদে উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফরিদপুরের সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান ও তার নেতৃত্বাধীন পুলিশ টিম। তাদের সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ওসি বাবলুর রহমান খানসহ পুরো টিমকে ‘সর্বোচ্চ পুরস্কারে’ ভূষিত করার ঘোষণা দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় থানা ভবন ক্ষতিগ্রস্ত হয়। এতে থানার অস্ত্রাগারে সংরক্ষিত সরকারি ও পাবলিকের অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এমন প্রতিকূল পরিস্থিতিতে সালথা থানার ওসি’র নেতৃত্বে একদল পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। পরে তারা অস্ত্রাগারে থাকা অস্ত্রগুলো নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইন্সে নিয়ে আসেন। এ ঘটনায় সালথা থানার ওসি বাবলুর রহমান খান ও তার টিমের ভূমিকার প্রশংসা করেছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। পাশাপাশি এ সাহসী ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেন।

এদিকে, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান ও তার নেতৃত্বাধীন পুলিশ টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, তাদের সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এ স্বীকৃতি পুরো ব্যাচের জন্য গর্বের।