ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ফন্ট সাইজ:

ফেনীতে আবারো ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ রাজনৈতিক ছাত্র সংগঠন ছাত্রলীগ। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় মিছিল করে তারা। মিছিলের সামনে প্রদর্শিত ব্যানারে সাবেক প্রেসিডেন্ট শেখ মুজিবর রহমান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফেনী জেলা সাধারণ সম্পাদক সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীর ছবি ছাপা। এ সময় মিছিলকারীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘নিজাম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’- স্লোগান দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় দেড় মিনিটের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় ১৫ থেকে ২০ জন যুবক এতে অংশ নেয়, যার মধ্যে অনেকে মাস্ক পরা। এ নিয়ে গত দুই মাস প্রায় প্রতি সপ্তাহে জেলার কোথাও না কোথাও ঝটিকা মিছিল বের করলো নিষিদ্ধ ছাত্র সংগঠনটি। এর আগে ৩০শে অক্টোবর ফেনী শহরের ট্রাঙ্ক রোড ও সোনাগাজীতে আলাদা মিছিল করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর রীতিমতো হৈ চৈ শুরু হয়। লালপোলে মিছিলের ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু লোকের অংশগ্রহণে একটি মিছিলের ভিডিও দেখা গেছে।

তবে মিছিলের স্থান এবং তা শনিবারের কিনা- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মিছিলে উপস্থিতিদের শনাক্তের চেষ্টা চলছে।