ধর্মপাশা বিএনপি’র কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাদশাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা ২০টি প্লাস্টিকের চেয়ার ও একটি টেবিল পুড়ে গেছে। জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাদশাগঞ্জ বাজারে সেলবরষ ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয়ের ভেতরে হঠাৎ আগুন জ্বলতে দেখেন বাজার পাহারার দায়িত্বে থাকা দুইজন। পরে তারা চিৎকার দিলে আশপাশের লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সেলবরষ ইউনিয়ন বিএনপি সভাপতি তাহের উদ্দিন সোনা মিয়া বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন আত্মগোপনে থেকে কয়েকদিন ধরে ফেসবুক লাইভে এসে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। তার নির্দেশেই আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসীরা দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।