আওয়ামী লীগের নাশকতা প্রতিহতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে

ফন্ট সাইজ:

ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান। দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নোয়াখালীর সুবর্ণচরে বিএনপি’র জরুরি আলোচনা সভায় তিনি একথা বলেন।

শনিবার উপজেলার চরবাটা খাসের হাট ইনডোর স্টেডিয়ামে সুবর্ণচর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুলের সঞ্চালনায় এবং জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা বিএনপি’র আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য সচিব ও নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ। উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলী আহসান মোহাম্মদ তারেক, সদস্য সচিব মামুন হাসান রোহান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান নিজেদের মধ্যে বিদ্যমান দূরত্ব ও মান-অভিমান ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কোনো ধরনের বিভেদ না রেখে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ ও এর সহযোগী নেতাকর্মীদের অপকর্ম ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।