খাল দখল করে কৃষিজমি তৈরির অভিযোগ

খাল দখল করে কৃষিজমি তৈরির অভিযোগ

ফন্ট সাইজ:

মাগুরার শ্রীপুরে সদ্য খননকৃত সরকারি খালের দুই পাড় কেটে ও ভরাট করে কৃষিজমি তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। লাখ লাখ টাকা ব্যয়ে খনন করা খালটি দখল হয়ে যাওয়ায় সংকীর্ণ হয়ে পড়েছে এর প্রশস্ততা। ফলে পুরো এলাকার স্বাভাবিক পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থা চরম হুমকির মুখে পড়েছে। তবে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সম্প্রতি সরকারি অর্থায়নে উপজেলার কাদিরপাড়া-ঘাসিয়ারা মাঠের এই গুরুত্বপূর্ণ খালটি পুনঃখনন করা হয়। কিন্তু খননকাজ শেষ হতে না হতেই ঘাসিয়াড়া গ্রামের সাহেব আলী, খবে, আইয়ুব, তৈয়েব ও কাবিল খালের দুই পাড়ের মাটি কেটে খালের ভেতরের অংশ ভরাট করে ফেলেন। পরে সেখানে পাড় বেঁধে নিজেদের কৃষিজমির সীমানা বাড়িয়ে নেন তারা। স্থানীয়দের আশঙ্কা, তাদের দেখাদেখি মাঠের অন্য কৃষকরাও যদি একইভাবে খাল ভরাট শুরু করেন, তবে সরকারি এই খালটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সরজমিন ও ভুক্তভোগী কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালের পাড় কেটে ভেতরে মাটি ফেলায় স্বাভাবিক পানি প্রবাহ প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে আসন্ন মৌসুমে ফসলের মাঠে সেচ দেয়া এবং বর্ষাকালে জলাবদ্ধতা নিরসন নিয়ে চরম দুশ্চিন্তায় কৃষকরা। সরকারি সম্পত্তি রক্ষা এবং কৃষি ব্যবস্থা সচল রাখতে অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা তাদের ভুল স্বীকার করে বলেন, খালের পাড় কেটে জমি তৈরি করা আমাদের অন্যায় হয়েছে। তবে জমিতে ফসল থাকায় এই মুহূর্তে মাটি সরানো সম্ভব হচ্ছে না। আগামী চৈত্র মাসে আমরা নিজ দায়িত্বে খালের ভেতরের মাটি অপসারণ করে আগের মতো পাড় বেঁধে দেবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসমীয়া আক্তার রোজী বলেন, সরকারি খাল দখল করার কোনো সুযোগ নেই। সরজমিন তদন্ত সাপেক্ষে দ্রুতই এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।