নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা টাঙ্গাইলের নাগরপুরে এক গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে গয়হাটা গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দেয়ার এ ঘটনা ঘটে। অফিসের নিচতলার জানালা খুলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে একটি প্লাষ্টিকের বোতল ও আগুনে পোড়া ল্যাকড়া দেখা যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ও স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ ও বা থানা পুলিশ ব্যাংকে আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, প্রতিদিনের ন্যায় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা অফিসের কার্যক্রম শেষ করে যার যার মতো গন্তব্যস্থলে চলে যায়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় গ্রামীণ ব্যাংক গয়হাটা শাখায় আগুন দেয়। এতে শাখার ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র আগুনে পুড়ে যায়। গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হারিজুর রহমান বলেন, ব্যাংকের নাইট গার্ডের মাধ্যমে ব্যাংকে আগুন দেয়ার সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, গয়হাটা গ্রামীণ ব্যাংক শাখায় আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি।
দেশে নৈরাজ্য সৃষ্টির করার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে এ ঘটনা যেই ঘটিয়ে থাকুন না কেন খুব দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে।
