বৈরী আবহাওয়া

সেন্টমার্টিনে আটকা সাড়ে ৫শ’ পর্যটক টেকনাফে পৌঁছেছেন

ফন্ট সাইজ:

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে প্রায় দেড় হাজার পর্যটক তিনদিন ধরে আটকা পড়েছেন। এর মধ্যে ১১টি সার্ভিস ট্রলারে করে স্থানীয় বাসিন্দাসহ প্রায় সাড়ে পাঁচশ’ জন পর্যটক সাগর পাড়ি দিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছেছেন। শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সেন্টমার্টিন জেটিঘাট থেকে ১১টি ট্রলারে যাত্রা শুরু করে। সাড়ে ১২টায় টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিতে পর্যটকদের নিয়ে পৌঁছায় ১১টি ট্রলার।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, জরুরি প্রয়োজনে, অসুস্থতা এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের ১১টি সার্ভিস ট্রলারে করে সাড়ে ৫শ’ স্থানীয় ও পর্যটককে টেকনাফে পাঠানো হয়েছে। দ্বীপে বেশ কিছু পর্যটক রয়েছেন। তবে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ফলে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত বুধবার কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণে যান। পরে আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন। তবে সূত্রে জানা যায়, রোববার থেকে আবহাওয়া ভালো হতে শুরু করবে এবং সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেন্টমার্টিন হোটেল মালিক সমবায় সমিতির সভাপতি আব্দুর রহমান জানান, পর্যটকদের দুর্ভোগ কমাতে এগিয়ে এসেছেন দ্বীপের হোটেল ব্যবসায়ীরা। অনেক হোটেলে পর্যটকদের জন্য ভাড়া ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। আবার কিছু হোটেলে বিনামূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে। অসুস্থ পর্যটকদের নিরাপদে টেকনাফে পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সী ক্রুজ অপারেটর ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।